আজ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃতুবার্ষিকী

তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর (১৯৫৬-৯১) ২৩তম মৃত্যুবার্ষিকী আজ ২১ জুন৷ এ উপলক্ষে রুদ্র স্মৃতি সংসদ, মিঠেখালি আজ কবির গ্রামের বাড়ি মংলার মিঠেখালিতে সকালে কবরে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে৷ বিকেলে সংসদ কার্যালয়ে কবির স্মরণে আলোচনা ও রুদ্র সংগীত পরিবেশন করা হবে।
সত্তর দশকের এই কবি ছিলেন মাটি ও মানুষের প্রতি আমূল দায়বদ্ধ৷ ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’—এই নির্মম সত্য অবলোকনের পাশাপাশি ততোধিক স্পর্ধায় তিনি উচ্চারণ করে গেছেন—‘ভুল মানুষের কাছে নতজানু নই’৷
সব ধরনের অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে অনমনীয় অবস্থান রুদ্রকে পরিণত করেছে তারুণ্যের দীপ্ত প্রতীকে৷ সেই সঙ্গে তাঁর কাব্যের আরেক প্রান্তর জুড়ে রয়েছে স্বপ্ন, প্রেম ও সুন্দরের প্রতি মগ্নতা৷ তিনি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’সহ অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেন৷