আজ র্যাবের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী আজ। সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হবে প্রতিষ্ঠা দিনের কর্মসূচি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে বাণী দিয়েছেন।
র্যাব সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বাহিনীর পতাকা উত্তোলন করবেন মহাপরিচালক বেনজীর আহমেদ। এরপর শুরু হবে মহাপরিচালকের দরবার। পরে র্যাবে নিহত সদস্যদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হবে। এরপর রয়েছে মহাপরিচালকের চা চক্র। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৮ মার্চ র্যাব সদর দপ্তরে যাবেন প্রধানমন্ত্রী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, পেশাদারি মনোভাবের মাধ্যমে র্যাব দেশবাসীর ভূয়সী প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে।
প্রধানমন্ত্রী বাণীতে বলেন, র্যাব দেশের জনগণের শান্তি, নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
২০০৪ সালের এই দিনে স্বাধীনতা দিবস প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে র্যাবের আত্মপ্রকাশ ঘটে। একই বছরের ১৪ এপ্রিল (পয়লা বৈশাখ) রমনার বটমূলে নিরাপত্তার দায়িত্ব পালনের মধ্য দিয়ে মাঠে নামে র্যাব। ওই বছর ২১ জুন রাজধানীর উত্তরায় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানকে ধরার অভিযান দিয়ে পূর্ণাঙ্গ অপারেশন কার্যক্রম শুরু করে তারা।
২০০৪ সালে রাজধানীসহ সারা দেশের জনগণ যখন সন্ত্রাসীদের হাতে একধরনের জিম্মি হয়ে পড়ে, তখন র্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। জনগণের জানমালের নিরাপত্তায় প্রথমে গঠিত হয়েছিল র্যাপিড অ্যাকশন টিম (র্যাট)। পরে পূর্ণাঙ্গ বাহিনী হিসেবে যাত্রা শুরু করে র্যাব। প্রথম ‘ক্রসফায়ারে’ নিহত হয় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান। প্রতিষ্ঠার পর থেকে গত ১০ বছরে জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান, দুর্ধর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারের মধ্য দিয়ে অনেক জন-আকাঙ্ক্ষা পূরণ করে এই বাহিনী। তবে একই সময়ে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ নিয়ে সমালোচনার মুখোমুখিও হয়েছে র্যাব।