যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে দেশজুড়ে জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে আজ শনিবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে গণসমাবেশের ডাক দিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। এতে রাজনৈতিক নেতা ও আলেম সমাজের প্রতিনিধি ছাড়াও সর্বস্তরের এবং পেশার নাগরিকেরা বক্তৃতা করবেন বলে জানা গেছে।সূত্র জানায়, দক্ষিণ চট্টগ্রামসহ সারা দেশে জামায়াত-শিবিরের নাশকতা ও তাণ্ডবের প্রতিবাদে সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে এই গণসমাবেশ ডাকা হয়েছে। আজ বেলা দুইটায় লালদীঘি ময়দানে সমাবেশ হবে। এতে সভাপতিত্ব করবেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মিছবাহুর রহমান। আর মোনাজাত পরিচালনা করবেন আল্লামা কাজী নুরুল ইসলাম হাসেমী। আয়োজকেরা জানান, বৃহত্তর চট্টগ্রামের মধ্যে সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবির। এ ছাড়া সীতাকুণ্ড ও মিরসরাইয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিপুল সম্পদ ধ্বংস করা হয়। দক্ষিণ চট্টগ্রামের তিন উপজেলায় তাণ্ডব চালাতে বিদ্বেষ ছড়িয়েছেন জামায়াতের সাবেক এক সাংসদ। আর খাতুনগঞ্জ ও রিয়াজউদ্দিন বাজারের একাধিক ব্যবসায়ী অর্থ জোগান দেন বলে অভিযোগ পাওয়া গেছে।তাণ্ডবের ঘটনায় সবাইকে শনাক্ত করার পর গ্রেপ্তার করা হবে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে। একই সঙ্গে দুর্বৃত্তদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চট্টগ্রাম নগরের পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গড়ে তোলা হচ্ছে। এর অংশ হিসেবে আজ দুপুরে লালদীঘি ময়দানে সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে গণসমাবেশের ডাক দেওয়া হয়।