আজ শুভ দীপাবলি। আজ দেবী কালীর পূজা। সনাতনধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দেবী কালীপূজার মধ্য দিয়ে অশুভ শক্তিকে পরাজিত করা যায়। এ জন্যই আজ শুক্রবার মধ্যরাতে অমাবস্যা তিথিতে মন্দিরে মন্দিরে ভক্তরা কালী মায়ের প্রার্থনা করবেন। একই সঙ্গে আজ শুভ দীপাবলি উদ্যাপন করবে সনাতনধর্মাবলম্বীরা। সন্ধ্যায় মন্দির ও বাসগৃহে জ্বলে উঠবে প্রদীপ। ভক্তরা জানিয়েছেন, আজ সন্ধ্যায় প্রয়াত ব্যক্তিদের সমাধিতে মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে তাঁদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হবে।জানা গেছে, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে রাজধানীসহ সারা দেশের মন্দিরে মন্দিরে রয়েছে বিশেষ অনুষ্ঠান। বিভিন্ন স্থানে আজ বসবে ঐতিহ্যবাহী দশোহরা মেলা, অনুষ্ঠিত হবে নৌকাবাইচ। সন্ধ্যা-আরতি ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিভিন্ন মন্দিরে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, আজ ঢাকায় কালীপূজা ও দীপাবলির সবচেয়ে বড় আয়োজনটি হবে পোস্তগোলা শ্মশানঘাটে। এখানে প্রায় ২০টি কালীপূজা অনুষ্ঠিত হবে। রাতে এখানে প্রায় ২০ হাজার ভক্ত পূজায় অংশ নেবেন এবং লাখো প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদ্যাপন করবেন।এ ছাড়া রাজধানীর বড় আয়োজন হবে রামকৃষ্ণ মিশনে। এখানে পূজা ছাড়াও মধ্যরাত পর্যন্ত ভক্তিমূলকসংগীত পরিবেশিত হবে। সিদ্ধেশ্বরী কালীমন্দির, রাধাগোবিন্দ জিউ ঠাকুরমন্দির, গৌতমমন্দির, ঢাকেশ্বরী মন্দির, তাঁতীবাজার ও শাঁখারীবাজারে রয়েছে ব্যাপক আয়োজন। শাঁখারীবাজারের সড়কে বাঁশের মাচায় তৈরি করা হয়েছে অর্ধশতাধিক অস্থায়ী মণ্ডপ।ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে রাত ১০টায় কালীপূজা অনুষ্ঠিত হবে। এখানে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদ্বোধন করবেন সি আর দত্ত। রমনা কালীমন্দিরেও দেখা গেছে জমকালো আয়োজন। এখানে রমনার পুকুরে ১০ হাজার প্রদীপ জ্বালিয়ে দীপাবলির উদ্বোধন করবেন বিশিষ্ট ব্যক্তিরা।