আজ শহীদ আসাদের ৪১তম মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২০ জানুয়ারি বুধবার শহীদ আসাদের ৪১তম মৃত্যুবার্ষিকী। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি গণ-অভ্যুত্থানে পূর্ব পাকিস্তানের ছাত্র ইউনিয়নের নেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান নিহত হন। দিনটি উপলক্ষে বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশ ছাত্র মৈত্রী গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শহীদ আসাদ পরিষদের সভাপতি অধ্যাপক সাখাওয়াত আলী খান, সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান মিলন এবং শহীদ আসাদের ভাই প্রকৌশলী এস এম রশীদুজ্জামান বক্তব্য দেন। দিবসটি উপলক্ষে শহীদ আসাদ পরিষদ সকাল সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় জমায়েত, প্রভাতফেরি, শহীদ আসাদ স্মৃতিসৌধ ও ঊনসত্তরের স্মারক, শ্রদ্ধাঞ্জলি ও গণসমাবেশের আয়োজন করেছে। এ ছাড়া সকাল সাড়ে ১০টায় নরসিংদীর শিবপুরে শ্রদ্ধাঞ্জলি ও ফাতেহা পাঠ এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা সকাল সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আসাদের স্মৃতিসৌধে ফুল দেবে। দিবসটি উপলক্ষে গণসংস্কৃতি ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে পাঁচদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। বিকেল চারটায় অনুষ্ঠান শুরু হবে। এতে গান, নাটক, কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য ও চলচ্চিত্র অনুষ্ঠান থাকবে।