আজ শহীদ মিনারে মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল ও নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে টানা নয় দিনের মতো গতকাল রোববারও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রাখেন। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শতাধিক শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসমাবেশের ডাক দিয়েছেন। আজকের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেবে বলে তাঁরা জানিয়েছেন। গতকাল অবস্থান কর্মসূচিতে ওই শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।
১৮ সেপ্টেম্বর দেশজুড়ে একযোগে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। দেশের ১০টি জেলায় এ নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এদিকে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
প্রশ্ন ফাঁসের অভিযোগ ও শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত বৃহস্পতিবার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে রংপুর থেকে তিন চিকিৎসকসহ সাতজনকে আটক করে। তবে তাঁদের বিরুদ্ধে এখনো সুস্পষ্ট কোনো অভিযোগ আনা হয়নি বলে জানিয়েছেন রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, একদিকে সরকার প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করে চলেছে, অন্যদিকে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে ব্যক্তিদের আটক করা হচ্ছে। পুরো বিষয়টি তাঁদের কাছে খুব গোলমেলে মনে হচ্ছে।