আজ শহীদজননী জাহানারা ইমামের ২১তম মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহানারা ইমাম
জাহানারা ইমাম

শহীদজননী জাহানারা ইমামের ২১তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার৷ দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯৯৪ সালের ২৬ জুন তিনি মারা যান।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাহানারা ইমাম তাঁর সন্তান শাফি ইমাম রুমিকে হারান। রুমি ঢাকার একাধিক বীরত্বপূর্ণ অভিযানে অংশ নেন। পরে রাজাকার-আলবদরদের সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকেসহ আরও অনেক মুক্তিযোদ্ধাকে আটকের পর হত্যা করে।
বরেণ্য লেখক ও সমাজকর্মী জাহানারা ইমামের উদ্যোগেই ২৩ বছর আগে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলন গড়ে ওঠে৷ ১৯৯২ সালের ১৯ জানুয়ারি তিনি মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন ও ছাত্র-নারী-মুক্তিযোদ্ধা সংগঠনের সমন্বয়ে গঠন করেন ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি’।
এই কমিটির উদ্যোগে ১৯৯২ সালের ২৬ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণ-আদালতে গোলাম আযমের প্রতীকী বিচার হয়৷ আড়াই বছর নির্মূল কমিটির নেতৃত্বে ছিলেন জাহানারা ইমাম৷ তবে এই অল্প সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার যে মশাল তিনি হাতে তুলে দিয়েছিলেন, নতুন প্রজন্ম আজও তা বহন করে এগিয়ে চলেছে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে।
দিনটি উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, জাহানারা ইমামের নেতৃত্বে ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার ও মৌলবাদী-সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণের যে নাগরিক আন্দোলন শুরু হয়েছিল, বহু ঘাত-প্রতিঘাত অতিক্রম করে আজ তা বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত। যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে এবং বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি পুনঃপ্রবর্তন করা হয়েছে। তবে বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, সংবিধানে ‘বিসমিল্লাহ’ ও ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রয়ে গেছে, যা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।
জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালনের জন্য পৃথক কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন৷ সকাল সাড়ে সাতটায় মিরপুরে শহীদজননীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি৷ এরপর সকাল ১০টায় ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে জাহানারা ইমাম স্মারক বক্তৃতা, জাহানারা ইমাম স্মৃতি পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।