আজ শহীদনগর দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার (১৯ এপ্রিল) ঐতিহাসিক শহীদনগর দিবস। বেড়া ও সাঁথিয়া উপজেলার মুক্তিযোদ্ধাদের জন্য আজকের দিনটি একদিকে যেমন বীরত্বে গাঁথা, তেমনি আরেকদিকে বেদনারও। ১৯৭১ সালের এই দিনে সাঁথিয়া উপজেলার শহীদনগরে অকুতোভয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি বাহিনীর সম্মুখযুদ্ধে উভয় পক্ষেরই প্রচুর প্রাণহানি হয়।
শহীদনগরের অবস্থান পাবনার সাঁথিয়া উপজেলার পাবনা-বগুড়া মহাসড়কের পাশা। আগে এর নাম ছিল ডাববাগান। স্বাধীনতাযুদ্ধের পর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এর নাম রাখা হয় শহীদনগর।
সেদিনের যুদ্ধে অংশ নেওয়া তিন-চারজন মুক্তিযোদ্ধার স্মৃতিচারণা থেকে জানা যায়, তৎকালীন ইপিআর সুবেদার আলী আকবরের নেতৃত্বে বেড়া ও সাঁথিয়া উপজেলার মুক্তিযোদ্ধারা সংগঠিত হন। সংগঠিত হওয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন অর্ধশতাধিক ইপিআর (বর্তমানে বিজিবি) সদস্য এবং বেড়া ও সাঁথিয়া উপজেলার ৪০ থেকে ৪৫ জন মুক্তিযোদ্ধা। তাঁরা নগরবাড়ী-বগুড়া মহাসড়কের পাশে বেশ কয়েকটি বাংকার খুঁড়ে তার মধ্যে অস্ত্রশস্ত্রসহ অবস্থান নেন। তাঁদের উদ্দেশ্য ছিল পাকিস্তানি বাহিনীর কোনো বহর নগরবাড়ী থেকে বগুড়ার দিকে যাওয়ার চেষ্টা করলে তা প্রতিহত করা।
এ খবর পেয়ে পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের ওপর আক্রমণের প্রস্তুতি নেয়। ১৯ এপ্রিল দুপুর ১২টার দিকে নগরবাড়ী ক্যাম্প থেকে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে হানাদার বাহিনীর একটি বহর মুক্তিযোদ্ধাদের আক্রমণ করার জন্য ডাববাগানে এসে পৌঁছে। মুক্তিযোদ্ধারাও বিষয়টি বুঝতে পেরে মুহূর্তের মধ্যে পাকিস্তানি বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়েন। মুক্তিযোদ্ধাদের গেরিলা পদ্ধতির প্রাথমিক আক্রমণে পাকিস্তানি বাহিনীর প্রচুর ক্ষয়ক্ষতি হলেও তারা তা সামলে পাল্টা আঘাত করে। উভয় পক্ষের তুমুল যুদ্ধে ১৭ জন ইপিআর সদস্যসহ ১৯ জন মুক্তিযোদ্ধা ও ৬ জন গ্রামবাসী নিহত হন। একপর্যায়ে হানাদার বাহিনীর ভারী অস্ত্রের মুখে টিকতে না পেরে মুক্তিযোদ্ধারা পিছু হটতে বাধ্য হন।