আজ শাজনীনের ১৭তম মৃত্যুবার্ষিকী

আজ ২৩ এপ্রিল। শাজনীন তাসনিম রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী। শাজনীন ১৭ বছর আগে, এই দিনে, তাদের গুলশানের বাসায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়। ১৫ বছর বয়সী শাজনীন তখন স্কলাস্টিকা স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে গুলশানের নিজ বাড়িতে শাজনীন নৃশংসভাবে খুন হওয়ার ঘটনায় সমাজের সব স্তরের মানুষ হতবিহ্বল হয়ে পড়ে।
চার বছর পর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল ওই ঘটনায় শাজনীনের বাড়ির সংস্কারকাজের দায়িত্ব পালনকারী ঠিকাদার সৈয়দ সাজ্জাদ মইনুদ্দিন হাসানসহ ছয়জনকে দোষী সাব্যস্ত করেন। তঁাদের সবাইকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।
দোষী সাব্যস্ত অন্য পাঁচজন হলেন গৃহভৃত্য শহীদুল ইসলাম শহীদ, হাসানের সহকারী বাদল, গৃহপরিচারিকা এস্তেমা খাতুন মিনু ও পারভীন এবং কাঠমিিস্ত্র শনিরাম মণ্ডল। হাইকোর্ট ২০০৬ সালের জুলাইয়ে পাঁচজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন ও শনিরামকে খালাসের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত পাঁচ খুনি এরপর আপিল বিভাগে আপিল করেন।
প্রতিবছরের মতো আজও বাদ আসর (বিকেল সাড়ে পাঁচটায়) শাজনীনের পরিবারের পক্ষ থেকে তাদের বাসভবনে [বাড়ি-এন ই (জে) ৪, সড়ক-৮৩, গুলশান-২] মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শাজনীনের বাবা ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ও মা শাহনাজ রহমান সব আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীকে মিলাদ মাহফিলে শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।