আজ শাজনীনের ১৯তম মৃত্যুবার্ষিকী

আজ ২৩ এপ্রিল। শাজনীন তাসনিম রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী। ১৯ বছর আগে গুলশানের নিজ বাড়িতে পূর্বপরিকল্পনায় শাজনীনকে ধর্ষণ ও পরে নৃশংসভাবে হত্যা করা হয়। ১৫ বছর বয়সী শাজনীন তখন স্কলাস্টিকা স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে শাজনীন ধর্ষণ ও খুন হওয়ার ঘটনায় সর্বস্তরের মানুষ হতবিহ্বল হয়ে পড়ে। চার বছর পর সাক্ষ্য–প্রমাণ ও বিচারে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল ওই ঘটনায় শাজনীনের বাড়ির সংস্কারকাজের দায়িত্ব পালনকারী ঠিকাদার সৈয়দ সাজ্জাদ মইনুদ্দিন হাসানকে মূল ষড়যন্ত্র ও প্ররোচনাকারী হিসেবে এবং অন্য পাঁচজনকে সহযোগী হিসেবে সবাইকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। পাঁচজন হলেন গৃহভৃত্য শহীদুল ইসলাম শহীদ, হাসানের সহকারী বাদল, গৃহপরিচারিকা এস্তেমা খাতুন মিনু ও পারভীন এবং কাঠমিস্ত্রি শনিরাম মণ্ডল।
বিচারিক আদালতের রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য হাইকোর্টে আসে। একই সঙ্গে আসামিরাও আপিল করেন। ২০০৬ সালের ১০ জুলাই হাইকোর্টের রায়ে শনিরামকে খালাস দেওয়া হয়। অপর পাঁচ আসামির ফাঁসির আদেশ বহাল রাখা হয়।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন চার আসামি হাসান, বাদল, মিনু ও পারভীন। ফাঁসির আদেশ পাওয়া আরেক আসামি শহীদ জেল আপিল করেন। আপিল বিভাগ চার আসামির আপিল মঞ্জুর ও শহীদের জেল আপিল খারিজ করে গত বছরের ২ আগস্ট রায় দেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মৃত্যুদণ্ডাদেশের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন (রিভিউ) করেন শহীদ। শুনানি শেষে সর্বোচ্চ আদালত চলতি বছরের ৫ মার্চ রিভিউ আবেদন খারিজ করে দেন। বর্তমানে শহীদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের অপেক্ষায় রয়েছে।
প্রতিবছরের মতো আজও বাদ আসর (বিকেল সাড়ে পাঁচটায়) শাজনীনের পরিবারের পক্ষ থেকে তাদের বাসভবনে [বাড়ি-এনই (জে)-৪, সড়ক-৮৩, গুলশান-২] মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শাজনীনের বাবা ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ও মা শাহ্নাজ রহমান আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মিলাদ মাহফিলে শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।