আজ ২৩ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল নির্যাতন দিবস। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ওই নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত প্রতিবেদন প্রকাশ ও দোষীদের শাস্তির দাবি পুনর্ব্যক্ত করবেন বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীরা। দিবসটি উপলক্ষে হল কর্তৃপক্ষ গতকাল শুক্রবার রাত ১২টা এক মিনিটে হলে আলোর মিছিল বের করার কথা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মিছিলে অংশ নেন। এদিকে, হলে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো গ্রহণ করেছে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে শামসুন্নাহার হল শাখা ছাত্র ইউনিয়ন প্রতিবাদের পরিভাষা ২৩ শে জুলাই শীর্ষক একটি প্রকাশনা প্রকাশ, দেয়ালিকা এবং প্রতিবাদী দেয়ালচিত্র অঙ্কনের আয়োজন করেছে। হল শাখা ছাত্রলীগের উদ্যোগে বটতলায় ওই সময়কার আন্দোলনের ছবিসংবলিত প্রদর্শনী এবং সন্ধ্যা সাতটায় টিএসসিতে ‘শিরোনামহীন ২৩ শে জুলাই’ শীর্ষক তথ্যচিত্র দেখানো হবে।