আজ শামসুর রাহমানের জন্মদিন

বাংলা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ কবি শামসুর রাহমানের ৮৮তম জন্মদিন আজ। দিনটি যথাযোগ্য মর্যাদা দিয়ে উদ্যাপন করতে যৌথ উদ্যোগ নিয়েছে বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদ।
আজ রোববার বিকেল চারটায় বাংলা একাডেমির রবীন্দ্র চত্বরে আলোচনা, কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনায় অংশগ্রহণ করবেন সংস্কৃতিজন রামেন্দু মজুমদার, কবি রবিউল হোসেইন, কবি মুহম্মদ নুরুল হুদা ও অধ্যাপক রফিকউল্লাহ খান। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমি ও শামসুর রাহমান স্মৃতিপরিষদের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
১৯২৯ সালের ২৩ অক্টোবর ঢাকার মাহুতটুলিতে জন্মেছিলেন কবি শামসুর রাহমান। ষাটের দশকের গোড়ায় দিকে কবি প্রতিভার বিচ্ছুরণে আলোকিত করেন বাংলা সাহিত্যের ভুবন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তাঁর দুটি কবিতা ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’ একই সঙ্গে পাঠক ও বোদ্ধাদের কাছে ব্যাপক জনপ্রিয় ও সমাদৃত।