সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাহীদ আলী পাবলিক পাইলট দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ‘অবৈধ নিয়োগ’ বন্ধের দাবিতে এবার হরতাল আহ্বান করা হয়েছে। উপজেলায় আজ মঙ্গলবার অর্ধদিবস হরতাল পালন করা হবে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও বাজারে ‘অবৈধ নিয়োগ বাতিল আন্দোলন সংগ্রাম কমিটি’ আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে ওই ঘোষণা দেওয়া হয়।
গতকাল সন্ধ্যা সাতটায় আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. সাত্তার মিয়া, শাল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু লেইছ, ইউপি সদস্য আবদুল খালেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নান্টু চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক তকবীর হোসেন প্রমুখ। পরে সংক্ষিপ্ত সমাবেশে আয়োজকেরা আজ শাল্লা উপজেলায় অর্ধদিবস হরতাল আহ্বান করেন।
আন্দোলনকারীরা হরতালের সময় উপজেলার সব কটি পথে নৌচলাচল এবং দোকানপাট বন্ধ রাখার জন্য উপজেলাবাসীকে অনুরোধ জানান। ‘অবৈধ নিয়োগ’ বাতিল না হলে প্রয়োজনে দিনের পর দিন উপজেলাকে জেলা শহর থেকে বিচ্ছিন্ন করে দেওয়ারও হুমকি দেন আন্দোলনকারীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঐতিহ্যবাহী বিদ্যালয়টিতে সম্প্রতি উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফ মোহাম্মদ দুলালকে প্রধান শিক্ষক হিসেবে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ-সমর্থিত শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনীমোহন দাস ওই নেতাকে নিয়ম লঙ্ঘন করে নিয়োগ দিয়েছেন।
তবে প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সম্প্রতি প্রথম আলোর কাছে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।