আজ শিক্ষকদের সমাবেশ শনিবার বিদ্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদ্যালয় কক্ষে মারধর করার ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক (গ্র্যাজুয়েট) সমিতি এই আন্দোলনের ডাক দিয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষকদের বিক্ষোভ ও আগামী শনিবার উপজেলার সব প্রাথমিক বিদ্যালয় আধা বেলা তালাবদ্ধ করে রাখার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
থানা-পুলিশ ও বিদ্যালয় সূত্র জানায়, উপজেলার বীরনারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে গত সোমবার একদল সন্ত্রাসী বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষক পঞ্চানন বর্মণকে (৪৬) মারধর করে। এ সময় অন্য শিক্ষকেরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। শিক্ষকেরা আহত প্রধান শিক্ষককে চিকিৎসার জন্য পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত প্রধান শিক্ষক পঞ্চানন বর্মণ বাদী হয়ে সোমবার রাতে পীরগাছা থানায় একটি মামলা করেন।
এজাহারে উল্লেখ করা হয়, সোমবার সকালে প্রধান শিক্ষক পঞ্চানন বর্মণ বিদ্যালয়ের একটি কক্ষে ক্লাস নিচ্ছিলেন। এ সময় আনিছুর রহমান (৩০) ও তার কয়েকজন সহযোগী বিদ্যালয়ে হামলা চালায়। তারা শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষককে মারধর করে।
পঞ্চানন বর্মণ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী পাঠদান করার সময় আমাকে বেদম মারপিট করেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করেছি। আমি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
এদিকে এ ঘটনার প্রতিবাদে উপজেলার শিক্ষকেরা মঙ্গলবার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সমাবেশ করেন। সমাবেশে বক্তারা সন্ত্রাসী আনিছুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে আজ বৃস্পতিবার শিক্ষক সমাবেশের ডাক দিয়েছে। একই সঙ্গে আগামী শনিবার বেলা একটা পর্যন্ত উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় তালাবদ্ধ করে রাখার কর্মসূচি পালিত হবে।
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি ও চর রহমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুবীর চন্দ্র বর্মণ বলেন, ‘সন্ত্রাসীরা বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষককে মারপিট করে যাবে, আর আমরা মুখ বুজে থাকব। এটি হতে পারে না। তাই প্রাথমিক বিদ্যালয়ের গ্র্যাজুয়েট শিক্ষক সমিতির ডাকে বিক্ষোভ ও তালাবদ্ধ কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।’
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারে মঙ্গলবার রাতভর অভিযান চালানো হয়েছে। তারা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।