আজ শিলিগুড়িতে আবার বসছে বাংলাদেশের ভিসা ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা শহরে আজ শনিবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশের একটি ভিসা ক্যাম্প বসছে। শিলিগুড়িসহ পার্শ্ববর্তী অঞ্চলের ভারতীয়দের ভিসা দেওয়ার জন্য কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন এ ক্যাম্পের আয়োজন করেছে। কলকাতায় নিযুক্ত প্রথম সচিব (কনস্যুলার) মো. শামসুল আমিন জানান, শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত সোনালী ব্যাংক কার্যালয়ে ভিসা ক্যাম্প বসবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভিসাসংক্রান্ত ফরম দেওয়া এবং পূরণ করা ফরম গ্রহণ করা হবে। আজই বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত দেওয়া হবে ভিসা। এর আগে গত বছর ১৯ জুন শিলিগুড়িতে এ ধরনের প্রথম ভিসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। গত বছর ৬ নভেম্বর অবশ্য আরেকটি ভিসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল আসামের রাজধানী গুয়াহাটিতে। এখন দিল্লি, কলকাতা ও আগরতলায় বাংলাদেশের ভিসা অফিস রয়েছে। তবে ভারতের মতো একটি বিশাল দেশে এই ভিসা অফিস প্রয়োজনের তুলনায় কম। দক্ষিণ ভারতের মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ বা উত্তর ভারতের পাঞ্জাব-হরিয়ানার ভারতীয়দের বাংলাদেশের ভিসা পেতে হলে দিল্লি কিংবা কলকাতায় আসতে হয়। তাই বাংলাদেশ চাইছে দূরদূরান্তের ভারতীয়দের জন্য আরও বেশ কয়েকটি বড় শহরে ভিসা ক্যাম্প করতে। তারই অংশ হিসেবে শিলিগুড়িতে এই ভিসা ক্যাম্প হচ্ছে।