আজ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৩৪তম মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। বাংলাদেশে চারুকলা চর্চার পথিকৃৎ এ শিল্পী ১৯১৪ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি ছবি আঁকা শুরু করেছিলেন। প্রতিকূলতা সত্ত্বেও জয়নুল আবেদিন এগিয়ে যান। তিনি কলকাতার চারুকলা কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পরে তিনি সেখানেই শিক্ষক হিসেবে কর্মজীবনের শুরু করেন। এরই মধ্যে মন্বন্তরের ছবি এঁকে সারা ভারতবর্ষে সাড়া ফেলে দিয়েছিলেন। এরপর তিনি কলকাতা থেকে ঢাকায় চলে আসেন। তাঁর অক্লান্ত পরিশ্রমে চারুকলা শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেরণায় ১৯৭৫ সালে সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর বাণীতে বলেছেন, শিল্পের সঙ্গে তাঁর ছিল আত্মার সম্পর্ক। বাংলার মানুষের জীবন-জীবিকা, জীবনাচার ও জীবনসংগ্রামই ছিল তাঁর চিত্রকর্মের মুখ্য বিষয়। দেশের গণ্ডি পেরিয়ে তাঁর চিত্রকর্ম আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপক স্বীকৃতি লাভ করেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেছেন, আমাদের নিজস্ব সংস্কৃতিকে বিশ্বদরবারে পৌঁছে দিতে শিল্পাচার্য জয়নুল আবেদিনের অবদান অনস্বীকার্য। বাংলার প্রকৃতি, জীবনাচার, প্রাচুর্য, দারিদ্র্য এবং বাঙালির স্বাধীনতার স্পৃহা তাঁর তুলি আর ক্যানভাসে মূর্ত হয়ে উঠেছিল। তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ’৪৩-এর মন্বন্তর শিল্পী জয়নুলকে নাড়া দিয়েছিল প্রবলভাবে। তিনি তাঁর চিত্রকর্মে দুর্ভিক্ষের ভয়াবহ রূপ তুলে ধরেন বিশ্ববাসীর সামনে।