আজ শুভ জন্মাষ্টমী

আজ রোববার শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি। সনাতন ধর্মাবলম্বী ভক্তরা বিশ্বাস করেন, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাবতিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করেন।
জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে সমাজে বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে তা প্রয়োগ করার জন্য দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেছেন, শ্রীকৃষ্ণ শান্তি, মানবপ্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রাখতে কাজ করে গেছেন। এই আদর্শ বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে ভক্তদের অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। রাজধানীসহ সারা দেশের বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন ও নামযজ্ঞের আয়োজন করা হয়েছে। মন্দির ছাড়াও ঘরে ঘরে ভক্তরা উপবাস থেকে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন।
জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা উদ্যাপন কমিটি আজ ও ২২ আগস্ট বিভিন্ন কর্মসূচি পালন করবে। আজ সকাল আটটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, বেলা দুইটায় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও রাতে কৃষ্ণপূজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২২ আগস্ট আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
শ্রীশ্রী গীতা সংঘ নগরের কে এম দাস লেনে স্বামী ভোলানন্দগিরি আশ্রমে ভোর চারটায় পূজা, পাঁচটায় নগরকীর্তন ও সকাল সোয়া ১০টায় আলোচনা সভা করবে। সবুজবাগের রাজারবাগে শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান কমিটি অন্যান্য কর্মসূচির সঙ্গে সন্ধ্যা সাতটায় আলোচনা সভার আয়োজন করেছে। ফার্মগেটের শ্রীশ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ সকাল সাড়ে আটটায় শোভাযাত্রা করবে। অন্যান্য কর্মসূচি ছাড়াও রাত আটটায় খামারবাড়ি প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে আলোচনা সভা করবে।