আজ শুভ জন্মাষ্টমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর স্বামীবাগের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের আশ্রমে (ইসকন) গতকাল পূজার সরঞ্জাম ও বইয়ের পসরা সাজিয়ে বসেন স্বেচ্ছাসেবকেরা l ছবি: প্রথম আলো
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর স্বামীবাগের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের আশ্রমে (ইসকন) গতকাল পূজার সরঞ্জাম ও বইয়ের পসরা সাজিয়ে বসেন স্বেচ্ছাসেবকেরা l ছবি: প্রথম আলো

আজ শনিবার শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি। সনাতন ধর্মাবলম্বী ভক্তরা বিশ্বাস করেন, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টুদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্‌যাপন করে থাকেন।
জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা হিন্দু সম্প্রদায়ের মানুষকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।
রাজধানীসহ সারা দেশের বিভিন্ন মন্দিরে আজ পূজা অর্চনা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও তারকব্রহ্ম নামযজ্ঞেরও আয়োজন করা হয়েছে।
রামকৃষ্ণ মিশন ও মঠে ভোর সাড়ে চারটায় মঙ্গলারতি, সাড়ে পাঁচটায় সমবেত প্রার্থনা, ছয়টায় ভজন সংগীত অনুষ্ঠিত হবে। বিকেলে ভজন সংগীত, প্রার্থনা ও ভাগবত পাঠ হবে। রাত আটটায় হবে শ্রীকৃষ্ণ পূজা।
মহানগর সর্বজনীন পূজা কমিটি জন্মাষ্টমী উপলক্ষে গতকাল শুক্রবার মতবিনিময় সভার আয়োজন করে। সভায় উৎসবের কর্মসূচি তুলে ধরা হয়। বেলা তিনটায় জন্মাষ্টমী মিছিলের আয়োজন করা হবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে মিছিল যাত্রা করবে। এ সময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এ ছাড়া থাকবেন সাংসদ হাজি মো. সেলিম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও মেজর জেনারেল (অব.) সি আর দত্ত। মিছিল পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, জাতীয় প্রেসক্লাব, পুরানা পল্টন, শহীদ নূর হোসেন স্কয়ার, গোলাপ শাহ্ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড, রায়সাহেব বাজার হয়ে বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হবে।
জন্মাষ্টমী পালন করবে বাসাবোর শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, শ্রীশ্রী মাধব গৌড়ীয় মঠ, মিরপুর কেন্দ্রীয় মন্দির। মন্দির ছাড়াও ঘরে ঘরে ভক্তরা উপবাস থেকে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা করবেন।