আজ শুভ জন্মাষ্টমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার শুভ জন্মাষ্টমী। মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজ। হিন্দুধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। যুগে যুগে পৃথিবীতে যখন অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বেড়ে যায়, তখনই বিভিন্ন অবতার রূপে পৃথিবীতে ভগবান আবির্ভূত হন।

জন্মাষ্টমী পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে উৎসব উদ্‌যাপনের কর্মসূচি হাতে নিয়েছে। সকাল আটটায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে শ্রীশ্রী গীতাযজ্ঞ এবং রাতে শ্রীকৃষ্ণ পূজা হবে।

শ্রীকৃষ্ণের জন্মদিনে রাজধানীতে উল্লেখযোগ্য অনুষ্ঠান জন্মাষ্টমীর মিছিল। বিকেল তিনটায় পলাশীর মোড় থেকে এই মিছিল শুরু হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এই মিছিল উদ্বোধন করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিশেষ অতিথি হিসেবে মিছিলে অংশ নেবেন।

জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

দিনটি উপলক্ষে গতকাল রোববার ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে মহানগর সর্বজনীন পূজা কমিটি। গতকাল রাজধানীর পুরান ঢাকার শ্যামবাজারের লালকুঠি মিলনায়তনে শ্রীকৃষ্ণ সেবা সংঘ আলোচনা সভার আয়োজন করে।