আজ শুভ বুদ্ধপূর্ণিমা

আজ বুধবার বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা। এ দিনে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহা পরিনির্বাণ ঘটেছিল। দিনটি উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন বৌদ্ধবিহারে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন বিহারে ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা ও শীল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ, শোভাযাত্রা, আলোচনা সভা প্রভৃতি। দিনটি উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।
রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বুড্ডিস্ট ফেডারেশন। সন্ধ্যায় সেখানে আলোচনা সভায় অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইয়োসাজা গুনাসেকারা, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।
বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ সকাল ৮টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে শান্তি শোভাযাত্রা করবে। এতে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ধর্মমন্ত্রী মতিউর রহমান উপস্থিত থাকবেন।