আজ শুভ বুদ্ধপূর্ণিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার শুভ বুদ্ধপূর্ণিমা। আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবের দিন। এ দিনে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ ঘটেছিল। দিনটি উপলক্ষে বিভিন্ন বৌদ্ধবিহারে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন বিহারে ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা ও শীল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ, শোভাযাত্রা, আলোচনা সভা। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ সাধারণ ছুটির দিন। বৌদ্ধ সম্প্রদায়ের নেতারাও দেশবাসীকে বুদ্ধপূর্ণিমার অভিনন্দন জানিয়েছেন। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর বাণীতে বলেছেন, গৌতম বুদ্ধ আজীবন শান্তির বাণী প্রচার করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বুদ্ধের আদর্শ লালন করে দেশের বৌদ্ধ ধর্মাবলম্বী নাগরিকদের সবার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করারও আহ্বান জানান। পৃথক বাণীতে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, যুগে যুগে মহামানবেরা পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখিয়ে গেছেন। দিবসটি উপলক্ষে ঢাকার সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। ভোরের প্রভাতফেরি শেষে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের শোভাযাত্রা রয়েছে সকাল আটটায়। জাতীয় জাদুঘর থেকে শুরু হওয়া এ শান্তি শোভাযাত্রা সভায় অংশ নেবেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিকেলে সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথেরোর সভাপতিত্বে ‘বৌদ্ধ ধর্ম ও বিশ্ব শান্তি’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বুড্ডিস্ট ফেডারেশন। সন্ধ্যা সাতটায় প্রদীপ পূজা ও শীল গ্রহণ শুরু হবে। সঙ্গে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সত্যপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে এতে উপস্থিত থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী শাহাজাহান মিয়া, ধর্মসচিব কাজী হাবিবুল আওয়াল ও চীনের রাষ্ট্রদূত লি জোন। মিরপুরে শাক্যমুনি বৌদ্ধবিহারেও দিনব্যাপী পিণ্ডদান, ধর্মালোচনা, শীল গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।