আজ শুভ বড়দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়দিনের আলোকসজ্জা। গতকাল সন্ধ্যায় ফার্মগেটে হলি রোজারি গির্জা।  প্রথম আলো
বড়দিনের আলোকসজ্জা। গতকাল সন্ধ্যায় ফার্মগেটে হলি রোজারি গির্জা। প্রথম আলো

খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ ২৫ ডিসেম্বর। ঈশ্বরের অপার মহিমা ও মানবজাতিকে পাপ থেকে পরিত্রাণের জন্য যিশুখ্রিষ্টের জন্ম হয়েছিল বলে খ্রিষ্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন। সারা বিশ্বের যিশুর অনুসারীদের মতো বাংলাদেশেও আজ খ্রিষ্টান সম্প্রদায় আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করবেন।

খ্রিষ্টান ধর্মমতে, খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এই দিনে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেন। ঈশ্বরের অপার মহিমা ও মানবজাতিকে পাপ থেকে পরিত্রাণের জন্য তাঁর জন্ম হয়েছিল বলে খ্রিষ্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন।

আজ সরকারি ছুটির দিন। বড়দিন উপলক্ষে রাজধানীসহ দেশের গির্জাগুলো সাজানো হয়েছে জমকালো সজ্জায়। যিশুর জন্ম হয়েছিল গোয়ালঘরে। সেই স্মৃতিকে স্মরণ করতে রাজধানীর গির্জাগুলোতে প্রতীকী গোয়ালঘর তৈরি করা হয়েছে। সাজানো হয় ক্রিসমাস ট্রি। রাজধানীর পাঁচতারা হোটেলগুলোতেও সান্তা ক্লজ, ক্রিসমাস ট্রি এবং আলোকসজ্জায় বড়দিনের বিশেষ আয়োজন করা হয়েছে।

বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে খ্রিষ্টান সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।