আজ শুভ মহালয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন, শুভ মহালয়া। পুরাণমতে, এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে।
অশুভ অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছেন। চারদিকে অশুভের প্রতাপ। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হলেন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গা। মহালয়ার সময় ঘোর অমাবস্যা থাকে। মহাতেজের আলোয় সেই অমাবস্যা দূর হয়। প্রতিষ্ঠা পায় শুভশক্তি। আজ থেকেই শুরু দেবীপক্ষের।
বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার এই সূচনার দিনটি সারা দেশে বেশ আড়ম্বরের সঙ্গে উদ্যাপিত হবে। আজ ভোর ছয়টা থেকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের অন্যান্য মন্দিরেও দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দুর্গাপূজার দিন গণনা এই মহালয়ার দিন থেকে শুরু হয়। দেবী দুর্গার আগমনী উপলক্ষে দিনটি উদ্যাপন করতে বনানী মাঠে দেবীবরণের আয়োজন করেছে গুলশান-বনানী সর্বজনীন পূজা পরিষদ। ভোর সাড়ে পাঁচটায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। চণ্ডী পাঠ করবেন প্রমোদ দত্ত। এ ছাড়া থাকবে সংগীতানুষ্ঠান।