আজ শুরু সাহিত্য সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে পালিত হচ্ছে খুলনা সাহিত্য পরিষদের সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষে খুলনার শহীদ হাদিস পার্কে আজ শুক্রবার থেকে দুই দিনব্যাপী সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। সকালে এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গহর রিজভী। গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় ওই পরিষদ।
পরিষদ সূত্রে জানা গেছে, ১৯৬৩ সালের ১২ জুলাই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে সংগঠনটির ৫০ বছর পূর্ণ হয়। নানা প্রতিকূলতায় এত দিন সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান করতে পারেনি সংগঠনটি। সংগঠনটির সভাপতি মাজহারুল হান্নান বলেন, বেশ কিছুদিন ধরে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদ্যাপিত হয়। ৪০ বছর পূর্তিতেও হয়েছিল সাহিত্য সম্মেলন। ৫০ বছর পূর্তিতেও সুবর্ণজয়ন্তী উদ্যাপনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আর্থিক সংকটসহ বিভিন্ন প্রতিকূলতায় ঠিক ৫০ বছর পূর্তির সময়ই সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা সম্ভব হয়নি।
গতকাল ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই সাহিত্য সম্মেলনে পরিষদের জন্মলগ্ন থেকে যেসব সদস্য বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রেখেছেন, তাঁদের সম্মাননা প্রদান করা হবে। এর মধ্যে মরনোত্তর পাবেন আটজন ও জীবিতদের মধ্যে পাবেন সাতজন। দুই দিনব্যাপী সাহিত্য সম্মেলনে থাকবে পাঁচটি অধিবেশন।
আজ বেলা তিনটায় শুরু হবে প্রথম অধিবেশন। এতে ‘শিশু সাহিত্যে মূল্যবোধ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন শিশু সাহিত্যিক ও লেখক আলী ইমাম। প্রধান অতিথি থাকবেন জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ। সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় অধিবেশনে ‘কাজী নজরুল ইসলাম: সাম্যবাদ ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন খুলনা সরকারি বিএল কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আবদুল মান্নান। প্রধান অতিথি থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার কবি আবদুস সামাদ, বিশেষ অতিথি থাকবেন অভিনেতা, আবৃত্তিকার ও লেখক জয়ন্ত চট্টোপাধ্যায়। রাত আটটায় সংগীত পরিবেশন করবেন শিল্পী ফাতেমাতুজজোহরা ও নাজিয়া মিশকাত তমা।
দ্বিতীয় দিন শনিবার সকাল ১০টায় শুরু হবে তৃতীয় অধিবেশন, কবিতা পাঠের আসর ও আড্ডা। এতে অংশ নেবেন কবি ও লেখকেরা। চতুর্থ অধিবেশন শুরু হবে বেলা তিনটায়। এতে ‘আমাদের লোকসাহিত্যের ঐতিহ্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন লোকসাহিত্য গবেষক গোলাম মোস্তফা সিন্দাইনী। পঞ্চম ও সমাপনী অধিবেশন শুরু হবে সন্ধ্যা ছয়টায়। এতে ‘রবীন্দ্রনাথ: বিশ্ববোধ ও মানব ঐক্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়। প্রধান অতিথি থাকবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার। সবশেষে রাত আটটায় সংগীত পরিবেশন করবেন শিল্পী ফরিদা পারভীন।