আজ শুরু হচ্ছে আন্তর্জাতিক সিলেট উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরতলির লাক্কাতুরা এলাকায় অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক সিলেট উৎসব। ‘শান্তি ও সমৃদ্ধির জন্য সম্প্রীতির অভিযাত্রা’ শীর্ষক দুই দিনব্যাপী এ উৎসবে সিলেট-বিষয়ক বক্তৃতামালা, গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকবে। জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা এ উৎসবের আয়োজক।

সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবের পর্দা উঠবে। এরপরই উদ্বোধনী আলোচনায় প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিত থাকার কথা রয়েছে। এ পর্বে সভাপতিত্ব করবেন আয়োজক সংগঠনের সভাপতি সি এম তোফায়েল সামি। দুপুর ১২টা থেকে সিলেট-বিষয়ক বক্তৃতামালা অনুষ্ঠিত হবে। এরপর ‘প্রজন্মের কথামালা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কাল মঙ্গলবার সকাল ১০টায় দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে। শুরুতেই থাকবে আলোচনা সভা। দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের আট গুণী ব্যক্তিকে ‘জালালাবাদ স্বর্ণপদক’ প্রদান করা হবে। সবশেষে থাকবে দেশ-বিদেশের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা।