আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী গণিত পদার্থবিজ্ঞান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সায়েন্স একাডেমির আয়োজনে আজ শুক্রবার দিনাজপুরে শুরু হচ্ছে দুই দিনব্যাপী নবম গণিত ও ষষ্ঠ পদার্থবিজ্ঞান উৎসব। জাতীয় সংসদের হুইপ সাংসদ ইকবালুর রহিম উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আজ সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করবেন বিশেষ অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম। এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মো. হামিদুল আলম। উৎসবে ওই বালিকা উচ্চবিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর সরকারি কলেজের শিক্ষকসহ অনেকে উপস্থিত থাকবেন।
সায়েন্স একাডেমির সাধারণ সম্পাদক মো. একরামুল হক বলেন, উৎসবে অংশ নিতে ইতিমধ্যে দিনাজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষার্থী নাম নিবন্ধন করেছে। উৎসবের প্রথম দিন লিখিত পরীক্ষা ও দ্বিতীয় দিন দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজ্ঞানবিষয়ক বিতর্ক, কুইজ, গেমস, পাজেল ও প্রশ্নোত্তর পর্ব হবে। উৎসবে পদার্থবিজ্ঞান, গণিত ও বিজ্ঞান বিষয়ে ১৮০ জন শ্রেষ্ঠ প্রতিযোগীকে বাছাই করে ক্রেস্ট দেওয়া হবে।