আজ শুরু হচ্ছে প্রথমার বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে প্রথমা প্রকাশনের আট দিনব্যাপী একক বইমেলা শুরু হচ্ছে। বিকেল চারটায় শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের দ্বিতীয় তলার সেমিনার কক্ষে আয়োজিত এ বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। বক্তব্য দেবেন কথাশিল্পী সেলিনা হোসেন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের মহাপরিচালক আলম তালুকদার ও কথাশিল্পী আনিসুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমার লেখক, সম্পাদক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রতিদিন মেলায় গ্রন্থানুরাগীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

মেলায় প্রথমা প্রকাশনের বই বিক্রি হবে ৩০ থেকে ৫০ শতাংশ কমিশনে। এ ছাড়া প্রথমা বইয়ের দুনিয়ার বেশ কিছু দেশি ও ভারতীয় বই, সাময়িকী ও লিটল ম্যাগাজিন বিক্রি হবে ৫০ থেকে ৭০ শতাংশ কমিশনে। শুক্রবার ছাড়া প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মেলা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, মেলায় প্রথমার কয়েকটি নতুন বই প্রকাশিত হবে। উদ্বোধনী দিনেই বিকেলে মেলায় আসবে রকিব হাসানের ‘গোয়েন্দা কিশোর-মুসা-রবিন সিরিজ’-এর তৃতীয় বই গোল্ডেন বাইক রহস্য।