আজ শুরু হচ্ছে বুনন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিজয় সরণির পাশে সামরিক জাদুঘর মাঠে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল উইভার্স ফেস্টিভ্যাল ২০১৬। উৎসবের উদ্বোধন করবেন বিদ্যুৎ, খানিজ ও জ্বালানিসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা। আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত একটা পর্যন্ত চলবে উৎসব।
বাংলাদেশসহ ইংল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের মোট ২৫ জন জনপ্রিয় ডিজাইনার অংশ নিচ্ছেন এই উৎসবে। আজ ফ্যাশন শোর মাধ্যমে তুলে ধরা হবে ঐতিহ্যবাহী খাদি ও জামদানি কাপড়ে তৈরি পোশাক।
আয়োজক টুটলি রহমান বলেন, ‘আমাদের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের অবস্থা এখন খুবই করুণ। অথচ একসময় এই অঞ্চলের তাঁতে বোনা পোশাকের জৌলুশ দেখা গেছে সারা বিশ্বে। দেশের পোশাক কিনে তাঁতিদের উজ্জীবিত করার মাধ্যমে এই শিল্পকে আমরাই রক্ষা করতে পারি। এসব পোশাক যে এখনো অভিজাত, সেটা উৎসবে এলেই বুঝতে পারবেন।’ তরুণদের কাছে তাঁর অনুরোধ, ‘দেশি পোশাক কিনুন, দেশি পোশাক পরুন।’
উৎসবস্থলে মক ভিলেজ তৈরি করা হয়েছে, যেখানে তাঁতিরা তাঁতে কাপড় বোনা দেখাবেন। থাকবে চরকায় সুতা কাটার ব্যবস্থা। উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল শাড়ি কুটিরের স্বত্বাধিকারী মুনিরা এমদাদকে আজীবন সম্মাননা দেওয়া হবে। জামদানির ওপরে থাকছে একটি বিশেষ নাটক। অনুষ্ঠানের শেষ অংশে থাকছে গানের আয়োজন। প্রথম দিন সেখানে গান করবেন শিরিন জাওয়াদ ও চিরকুট ব্যান্ড।
উৎসবের দ্বিতীয় দিনে থাকছে গামছা ও মসলিন কাপড়ের ফ্যাশন শো আর শেষ দিন দেখানো হবে উপজাতি ও মিরপুরের বেনারসির প্রদর্শনী। সহজ ডটকমের মাধ্যমে বিনা মূল্যে নিবন্ধন করা ব্যক্তিরাই আন্তর্জাতিক বুনন উৎসবে যোগ দিতে পারবেন।