আজ শুরু 'ও' এবং 'এ' লেভেল পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৭ মে শুরু হচ্ছে কেমব্রিজ ও অ্যাডেক্সেল সিলেবাসের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা। শেষ হবে জুনের মাঝামাঝি। দেশের চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এ পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

পরীক্ষার্থী ও অভিভাবকেরা বলছেন, এ পরীক্ষাগুলো বিশ্বের বিভিন্ন দেশে একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হয়। এ জন্য পরীক্ষা পেছানো কঠিন। অতীতে দেখা গেছে, সকাল-সন্ধ্যা হরতালের জন্য ওই দিন রাতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে পরীক্ষা কার্যক্রম সমন্বয়কারী ব্রিটিশ কাউন্সিলের সূত্র জানায়, হরতাল-অবরোধ যদি ২৪ ঘণ্টা বা তার বেশি হয়, তাহলে পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে শিক্ষার্থীরা একটি সেশন পিছিয়ে পড়বে। 

এ অবস্থায় পরীক্ষা চলার সময় হরতাল, অবরোধ, লংমার্চসহ পরীক্ষা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কর্মসূচি না দিতে সব রাজনৈতিক দল ও সংগঠনের প্রতি অনুরোধ জানিয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল স্টুডেন্টস-গার্ডিয়ানস ফোরাম।