আজ শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ কামালের
শেখ কামালের

আজ ৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মাত্র ২৬ বছর বয়সে তিনি বঙ্গবন্ধুর সঙ্গে শাহাদাত বরণ করেন।
শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) পাস করেন। তিনি ছায়ানটের সেতারবাদন বিভাগেরও ছাত্র ছিলেন। বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন স্পন্দন শিল্পীগোষ্ঠী।
শেখ কামাল ঢাকা থিয়েটারেরও অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। শৈশব থেকে বিভিন্ন খেলাধুলায় উৎসাহ ছিল তাঁর। তিনি আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা।
শেখ কামালের ৬৬তম জন্মদিনকে যথাযোগ্যভাবে পালনের জন্য আওয়ামী লীগ আজ বুধবার সকাল আটটায় ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল নয়টায় বনানী গোরস্থানে সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
এ ছাড়া বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করতে নানা কর্মসূচি নিয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শহীদ শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকী দেশবাসীকে সঙ্গে নিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।