আজ শেখ রাসেলের ৪৮তম জন্মদিন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন আজ ১৮ অক্টোবর। ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেলের জন্ম। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রাসেলকেও হত্যা করে ঘাতকেরা। শিশু রাসেল তখন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।দিনটি স্মরণে আওয়ামী লীগ আজ সকাল নয়টায় বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সবার কবরে পুষ্পস্তবক অর্পণ করবে। শেখ রাসেলের ৪৮তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে। আজ সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আয়োজনে এসএসসিতে কৃতী শিক্ষার্থী এবং চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দিনব্যাপী ঢাকা মহানগর ফুটবলের তৃতীয় বিভাগের সেরা আটটি দল নিয়ে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।এ ছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ বেলা তিনটায় বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এবং শেখ রাসেল শিশু সংসদ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করেছে।