আজ শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা
ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের’ জন্য তাঁকে আজ শুক্রবার নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। বেলা সাড়ে তিনটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
এর আগে সংবর্ধনা আয়োজনের জন্য বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকদের নিয়ে ২০২ সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। নাগরিক কমিটির এ সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে আওয়ামী লীগের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। প্রধানমন্ত্রীর উদ্দেশে অভিজ্ঞানপত্র পাঠ করবেন অধ্যাপক আনিসুজ্জামান। মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিকে এ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নাগরিক কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।