আজ শেখ হাসিনার কারামুক্তি দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১১ জুন শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। ২০০৮ সালের এই দিনে তত্কালীন তত্ত্বাবধায়ক সরকার জনমতের চাপে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। দিবসটি পালন উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো কর্মসূচি দিয়েছে। আজ সন্ধ্যা সাতটায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। দলীয় নেতারা কারামুক্তি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবেন। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত থাকবেন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শেখ হাসিনা অনেকবার জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। প্রাণনাশের জন্যও তাঁকে বেশ কয়েকবার আক্রমণ করা হয়েছে। তবে মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন দৃঢ় ও অবিচল। মৃত্যুভয়কে তুচ্ছজ্ঞান করে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন।জনগণের প্রতি ভালোবাসা, রাজনৈতিক দূরদর্শিতা এবং সাহসী ও সংগ্রামী নেতৃত্বের জন্যই দেশের মানুষ শেখ হাসিনাকে গত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করে সরকার গঠনের সুযোগ দিয়েছে। কখনো তাঁকে হত্যা প্রচেষ্টা চালিয়ে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হয়েছে। কখনো তাঁকে মিথ্যা প্রহসনের মামলায় কারারুদ্ধ করে গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। কিন্তু সব প্রতিকূলতা ছাপিয়ে তিনি দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সুখী-সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।