আজ শেখ হাসিনার ৬৫তম জন্মদিন
আজ ২৮ সেপ্টেম্বর, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৫তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। প্রতিবছরের মতো এবারও শেখ হাসিনার জন্মদিনে আড়ম্বরপূর্ণ কিছু করা হচ্ছে না। তবে তাঁর সুস্থাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করা হবে। এ ছাড়া আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আজ বেলা তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। এ উপলক্ষে দলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল এক বিবৃতিতে দলীয় সভানেত্রীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলের সব নেতা-কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা বিদেশে থাকাকালে ১৯৮১ সালে আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হন। ওই বছরের ১৭ মে তিনি দেশে ফিরে আসেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হলেও কেবল শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা বিদেশে থাকার কারণে প্রাণে বেঁচে যান। ১৯৭৫-এর রাজনৈতিক পটপরিবর্তনের দীর্ঘ ২১ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে।