আজ শেষ হচ্ছে প্রথম আলো–সিটি ব্যাংক জাতীয় বিজ্ঞান জয়োৎসব
অতিথিদের মুগ্ধ করেছে খুদে বিজ্ঞানীদের প্রকল্প

নিঃসংকোচে নিজের ভাবনা লেখার জন্য অনুষ্ঠানে একটি বোর্ড রাখা ছিল। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান তাতে লিখলেন: ‘প্রযুক্তি প্রগতির পথ বলে গণ্য, ডিজিটাল বাংলাদেশ হবে সব মানুষের জন্য।’ লেখার আগে তিনি বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জাতীয় বিজ্ঞান জয়োৎসবের।
গতকাল রোববার ঢাকার খামারবাড়ির একটি কনভেনশন হলে শুরু হয়েছে সিটি ব্যাংক-প্রথম আলো জাতীয় বিজ্ঞান জয়োৎসব। প্রথম দিনে বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে আসা খুদে বিজ্ঞানীরা ১১৫টি প্রকল্প উপস্থাপন করে। আজ হবে কুইজ প্রতিযোগিতা। উৎসবের শেষ পর্যায়ে পুরস্কৃত হবে খুদে বিজ্ঞানীরা।
উদ্বোধনী বক্তব্যে ইয়াফেস ওসমান বলেন, চর্চা না করলে জ্ঞানর বিকাশ হয় না। বিজ্ঞানকে কাজে না লাগিয়ে কোনো জাতি এগোতে পারে না। তিনি বলেন, বাংলাদেশ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে তোলার উদ্যোগ নিয়েছে।
শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করতে ও বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তোলার লক্ষ্যে সিটি ব্যাংক ও প্রথম আলো চলতি বছর দেশের ১৫টি অঞ্চলে বিজ্ঞান জয়োৎসবের আয়োজন করে। আঞ্চলিক পর্যায়ে বিজয়ী ৯৪২ জন শিক্ষার্থী জাতীয় বিজ্ঞান জয়োৎসবে অংশ নিচ্ছে।
উদ্বোধনের পর প্রকল্পগুলো ঘুরে দেখেন মন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা। তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে প্রকল্পগুলোর ব্যবহার ও উপযোগিতা নিয়ে কথা বলেন। তাঁদের মধ্যে ছিলেন পরমাণু শক্তি কমিশনের সাবেক মুখ্য বিজ্ঞানী রেজাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিজ্ঞান জয়োৎসবের উপদেষ্টা পরিষদের চেয়ারপারসন জেবা ইসলাম সেরাজ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সিটি ব্যাংকের প্রকল্প ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. জহিরুল ইসলাম ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক (ব্র্যান্ড) আলমগীর হোসেন, বিজ্ঞান জয়োৎসবের কেন্দ্রীয় সমন্বয়কারী মুনির হাসান।
দিনভর কনভেনশন হলে খুদে বিজ্ঞানীরা প্রকল্প দেখানো ও ব্যাখ্যা করা নিয়ে ব্যস্ত ছিল। নানা প্রকল্প, প্রকল্পের ধারণা ও তার প্রয়োগ দেখিয়ে খুদে বিজ্ঞানীরা মাতিয়ে রাখে বিচারক ও দর্শকদের।
বগুড়ার মিলেনিয়াম স্কলাস্টিকা স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী মানহা বিনতে রহমান উৎসবের সবচেয়ে কনিষ্ঠ অংশগ্রহণকারী। তার প্রকল্পের নাম ‘পটেটো পাওয়ার’। সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আধুনিকায়ন ও উন্নত পদ্ধতি নিয়ে উৎসবে অংশ নিয়েছেন রাইসা মায়মুনা রহমান, মাহনুন হায়দার ও এস এম রাহাত আমীন। এরা সবাই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষার্থী। রাইসা মায়মুনা রহমান জানায়, একই জায়গায় প্রশিক্ষণ কেন্দ্র, সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার (আইপিএম) মাধ্যমে আধুনিক কৃষি চাষ পদ্ধতি রয়েছে। এ প্রকল্পে কেঁচোর মাধ্যমে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করা হবে, যা জমির জন্য খুবই উপকারী। প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে অল্প জমিতে অধিক চাষাবাদ।
বিজ্ঞান উৎসবে ‘ড্রোন’ নিয়ে এসেছে কুষ্টিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী মানিয়া আহমেদ, ফাহিম ফয়সাল ও শাহরিয়ার ফাহিম। এদের মধ্যে মানিয়া আহমেদ ‘ড্রোন’ সম্পর্কে বলে, ‘আমাদের ড্রোনটি দুই কিলোমিটার দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। তবে আমাদের দেশে ড্রোন বানানোর চর্চা বিশ্ববিদ্যালয় পর্যায়ে সীমিত। অথচ উন্নত দেশগুলোতে ড্রোন তৈরির চর্চা স্কুল থেকেই হয়। এটা করা গেলে আমাদের দেশের প্রযুক্তিতে ব্যাপক উন্নয়ন হবে।’
কুমিল্লা থেকে এসেছে সহোদর আহম্মেদুর রাজি ও আহসানুর রাজি। আলোর ফাঁদ ব্যবহার করে মশা মারার যন্ত্র বানিয়েছে তারা।
দুদিনব্যাপী বিজ্ঞান জয়োৎসবের আজ শেষ দিন শুরু হবে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা দিয়ে। এরপর শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষকেরা। পরে কুইজ ও প্রকল্প প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সিটি ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রথম আলো এ উৎসবের আয়োজন করেছে। কুইজ প্রতিযোগিতার অন্য সব আয়োজন সবার জন্য উন্মুক্ত।