আজ শেষ হবে তৃতীয় উদ্ভাবন মেলা
আমদানি করা ভোজ্যতেলের বিকল্প কী হতে পারে? ভেবেছেন অনেকই। তবে, ভাবনাকে কাজে লাগিয়ে মুলা শাকের বীজ থেকে ভোজ্যতেল উদ্ভাবন করেছেন পঞ্চগড়ের সাইফুল ইসলাম। তাঁর নিজের ধারণা, এই তেল বাজারের সয়াবিন বা পাম তেলের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে এবং এটির উত্পাদন খরচও সয়াবিন তেলের চেয়ে কম হবে। তবে বাজারজাত করার আগে তাঁর উদ্ভাবিত তেলের গুণাগুণ বিজ্ঞান গবেষণাগার বা বিএসটিআই থেকে যাচাই করতে হবে। তিনি এখনো সেটি করেননি। আগামী দিনে করবেন বলে জানিয়েছেন।
সাইফুল ইসলামের মতো দেশের প্রত্যন্ত অঞ্চলে দৈনন্দিন সমস্যা নিয়ে কাজ করেন এ রকম বেশ কয়েকজন জনবিজ্ঞানী একত্র হয়েছেন ঢাকার সোবহানবাগে, ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ডেফোডিল বিশ্ববিদ্যালয় ও জনবিজ্ঞান ফাউন্ডেশনের উদ্যোগে ৩-৪ জুন অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় উদ্ভাবন মেলা। গ্রামীণ বিজ্ঞানীরা তাঁদের উদ্ভাবন নিয়ে হাজির হয়েছেন সেখানে।
মেলায় গিয়ে দেখা হলো ময়মনসিংহের গৌরীপুরের কারিগর আবদুল্লাহ আল পাঠান ও কেনু মিস্ত্রির সঙ্গে। প্রায় ৪০ রকমের কৃষি উপকরণের নির্মাতা কেনু মিস্ত্রি সম্পর্কে গত ২৭ মে প্রথম আলোর ‘আমি বাংলাদেশ’ বিভাগে বিস্তারিত ছাপা হয়েছে। (http://www.prothom-alo.com/we_are/article/226552/)। উদ্ভাবনের গল্প বলতে গিয়ে কেনু মিস্ত্রি জানালেন, মসৃণভাবে শেভ করা দেখে তিনি ভেবেছেন একইভাবে খেতে নিড়ানি দেওয়া যায় কি না। কারণ, কোদাল দিয়ে নিড়ানি দেওয়া খুবই কষ্টের কাজ। যেমন ভাবনা, তেমন কাজ। এভাবে তৈরি হলো তাঁর নিড়ানিযন্ত্র। আবার প্রচলিত খন্তা বা খনক দিয়ে মাটি খুঁড়তে অনেক পরিশ্রম করতে হয়। খননযন্ত্রটিকে সর্পিলাকার করলেই এই পরিশ্রম অনেকখানি কমে যায়। আর ঠিক সেটাই করলেন আমাদের কারিগর। তবে সত্তরোর্ধ্ব কেনু মিস্ত্রির আক্ষেপ, কেউ উদ্যোগ না নিলে তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে তাঁর উদ্ভাবনও এ দেশের মাটি থেকে বিদায় নেবে।
কৃষকের জমিতে সেচ দেওয়ার জন্য কম খরচের পাম্প বানিয়েছেন ঝিনাইদহ শৈলকুপার মো. আবদুস সোবহান। পাশাপাশি বৃষ্টির পানিকে ভূগর্ভে সংরক্ষণ করার একটা কৌশলও তিনি রপ্ত করেছেন। তাঁর তত্ত্ব অনুযায়ী বর্ষা মৌসুমে বৃষ্টির পানিকে ভূগর্ভে চালান করে দিলে খরা মৌসুমে সেই পানি ব্যবহার করা যাবে।
আলুর বাম্পার ফলন নিয়ে আলুচাষিদের বিপত্তির সমাধান নিয়ে ভেবেছেন কয়েকজন। এঁদের মধ্যে ঢাকার জসিম উদ্দিন খান আলু থেকে আটা তৈরি করে তা দিয়ে রুটি, বিস্কুট বানানোর ব্যবস্থা করেছেন। হাফিজুর রহমান প্রচলিত আলু, যা সচরাচর চিপস বা ফ্রাইয়ে ব্যবহূত হয় না, তা থেকেই চিপস ও ফ্রাই বানানোর কৌশল বের করেছেন। আলুকে প্রক্রিয়া করে তা দিয়ে চানাচুরের বিকল্প আলুচুরও বানিয়েছেন তিনি।
গাজীপুরের আবুল হোসেনের উদ্ভাবন ভেষজ হরমোন। তিনি দাবি করেছেন, এই হরমোনের সাহায্যে ফল বাগানের বালাই নাশ করা সম্ভব। তিনি জানান, বর্তমানে সফীপুরের চার হাজার ফলদ গাছে তিনি এই পদ্ধতি ব্যবহার করছেন।
এমন আরও অনেক উদ্ভাবককে নিয়ে আয়োজিত এই মেলা শেষ হবে আজ সন্ধ্যায়। আয়োজক জনবিজ্ঞান ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা আইয়ুব হোসেন বললেন, ‘আমাদের গ্রামগঞ্জে অনেক উদ্ভাবক নিজেদের তাগিদেই অনেক গুরুত্বপূর্ণ উদ্ভাবন ও আবিষ্কার করেছেন। তাঁদের সামনে নিয়ে আসার জন্য এই উদ্ভাবন মেলার আয়োজন।’