আজ শ্যামাপূজা
আজ বৃহস্পতিবার শ্যামাপূজা। কালীপূজা নামে বেশি পরিচিত এই পূজা সনাতন বা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্যামা মা হচ্ছেন অশুভ ধ্বংসকারী শক্তির দেবী। তাঁরা বিশ্বাস করেন, সব অন্ধকার দূর করে শ্যামা মা জগতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন।
শ্যামাপূজা উপলক্ষে আজ সারা দেশের সনাতন ধর্মাবলম্বীরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মঙ্গলময়ী, শক্তিরূপিনী শ্যামা মায়ের পূজার্চনা করবেন। সন্ধ্যায় দীপাবলিতে প্রজ্বালন করা হবে মঙ্গলপ্রদীপ।
শ্যামাপূজা উপলক্ষে রাজধানীসহ দেশের অনেক স্থানেই মন্দিরে মন্দিরে মণ্ডপ সাজানো হয়েছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের মূল মন্দিরে আজ রাত আটটায় পূজা শুরু হবে। রাত আড়াইটার দিকে শুরু হবে মাকে অঞ্জলি প্রদানের পর্ব। এ ছাড়া থাকবে যজ্ঞসহ নানা আনুষ্ঠানিকতা। চলবে আগামীকাল ভোর প্রায় পাঁচটা পর্যন্ত।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হবে মা কালীর ধ্যানে অমাবস্যা পূজা। অন্যদিকে ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে আজ রাত ১০টায় শ্যামাপূজা শুরু হবে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তাপস কুমার পাল জানান, এর আগে সন্ধ্যা ছয়টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় হাজারো প্রদীপ প্রজ্বালন করা হবে।
এ ছাড়া রমনা কালীমন্দির, ঠাঁটারীবাজার বটতলার পঞ্চনন শিবমন্দির, বনগ্রাম লেনের রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দির, সূত্রাপুরের বাণী ভবন, পোস্তগোলা মহাশ্মশানঘাটের মন্দির, লালবাগের শ্মশানঘাট মন্দির ও অন্যান্য মণ্ডপে শ্যামাপূজা ও দীপাবলি উদ্যাপিত হবে।