আজ সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুযোগ-সুবিধার মুখাপেক্ষী না থেকে গভীর আত্মবিশ্বাস, কঠোর শ্রম ও নিষ্ঠায় সাফল্যকে করায়ত্ত করেছেন, এমন ৭৬ জন অদম্য মেধাবীকে আজ শনিবার সংবর্ধনা জানানো হচ্ছে। ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে আজ বেলা ১১টায় প্রথম আলোর কার্যালয়, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর সিএ ভবন মিলনায়তনে (দশম তলা) সংবর্ধনা দেওয়া হবে।

এবারের ৭৬ জনের মধ্যে চলতি বছর এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৫০ জন এবং এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ২৬ জন অদম্য মেধাবী রয়েছেন। ২০১১ সালে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া যে ৫০ জন অদম্য মেধাবীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছিল, তাঁদের মধ্য থেকে সংবর্ধিত এই ২৬ জন এবার এইচএসসিতেও জিপিএ-৫ পেয়ে তাঁদের কৃতিত্ব অক্ষুণ্ন রেখেছেন। এই ২৬ জনকে উচ্চতর শিক্ষার জন্য বৃত্তি দেওয়া হবে।

প্রথম আলো তার যাত্রার শুরু থেকে দেশের শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনাসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কৃতী শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া শুরু হয় ১৯৯৯ সালে। ওই বছর সংবর্ধিতদের মধ্যে অনেক শিক্ষার্থী ছিলেন, যাঁরা দারিদ্র্যের বাধা অতিক্রম করে কৃতিত্ব অর্জন করেছিলেন। আলাদাভাবে অভিনন্দন জানানো হয়েছিল তাঁদের এবং প্রথম আলোর নিজস্ব তহবিল থেকে কয়েকজন দরিদ্র শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এরপর ২০০৬ সাল থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত যে শিক্ষার্থীরা জীবিকার সংগ্রামের সঙ্গে শিক্ষা গ্রহণ অব্যাহত রেখে কৃতিত্ব অর্জন করেছিলেন, প্রথম আলো তাঁদের জীবনের গল্প নিয়ে সংবাদ পরিবেশন করেছে, তাঁদের বলেছে ‘অদম্য মেধাবী’।

তবে শুধু সংবাদ প্রকাশের মধ্য দিয়েই দায়িত্ব শেষ করেনি; প্রথম আলো ট্রাস্ট ২০০৭ সালে চালু করে অদম্য মেধাবীদের জন্য শিক্ষাবৃত্তি। ওই বছর ২১ জন অদম্য মেধাবীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। সেই থেকে প্রতিবছরই অদম্য মেধাবীদের সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হচ্ছে। ২০১০ সাল থেকে ব্র্যাক ব্যাংক যুক্ত হয়েছে অদম্য মেধাবীদের বৃত্তির আর্থিক দায়িত্ব নিয়ে।

প্রতিকূলতা পেরিয়ে চলা এমন ৩৮৩ জন অদম্য মেধাবীকে এ পর্যন্ত শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।