আজ সকাল থেকে সেনাবাহিনী চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে আজ শনিবার সকাল থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে দলটি বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করেছে।গতকাল শুক্রবার সন্ধ্যায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে দলের পক্ষে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ দাবি জানান।নোমান বলেন, ‘আমরা সম্ভব হলে আজ রাতেই (গত রাতে) সেনাবাহিনী মোতায়েন হোক, তা চাই। নয় তো কাল (আজ) সকালের মধ্যে সেনা মোতায়েন করতেই হবে।’ বিএনপি নির্বাচন বন্ধের দাবি জানাবে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনা মোতায়েন না হলে পরবর্তী সময়ে বিএনপির অবস্থান কী হবে, তা দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।বিএনপি সরকারের সাবেক ওই মন্ত্রী বলেন, বিএনপি আগেই বলেছে, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশন চাওয়া সত্ত্বেও ২৮ অক্টোবর থেকে সেনা মোতায়েন না হওয়ায় কমিশনের স্বাধীন সত্তা নষ্ট হয়েছে। প্রমাণিত হয়েছে, কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। তাই কমিশনের উচিত, স্বপ্রণোদিত হয়ে পদত্যাগ করা। বিএনপিও তাদের পদত্যাগ দাবি করছে।নোমান অভিযোগ করেন, সরকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে চায় না। তারা যেনতেন উপায়ে ইচ্ছেমতো নিজেদের প্রার্থীকে বিজয়ী করার ষড়যন্ত্র করছে। ভোট কারচুপির চেষ্টা করছে। বিএনপি-সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার ও অপর প্রার্থী সেলিনা হায়াৎ আইভী সেনা মোতায়েনের জন্য দাবি জানিয়েছেন। শামীম ওসমানও চেয়েছেন। কিন্তু এখন আওয়ামী লীগ সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।নোমান সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কারচুপির মাধ্যমে ফলাফল পক্ষে নিতে চাইলে বিএনপি জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।বিএনপি নেতা বলেন, সেনাবাহিনী মোতায়েন না করার ঘটনায় প্রমাণিত হয়েছে, বর্তমান সরকার কোনো নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেবে না। তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন হতে হবে। দলীয় সরকারের অধীনে নয়।