
অমর একুশে গ্রন্থমেলা ইতিমধ্যে পার করেছে পাঁচটি দিন। এই কদিন ক্রেতার সংখ্যা যেমন ছিল সীমিত, তেমনি বইও এসেছে তুলনামূলকভাবে কম। গত দুই দিনে বইমেলায় লোকসমাগম অনেক বেড়েছে, প্রায় ৪০০ বই এসেছে। আজ গ্রন্থমেলা পাচ্ছে অন্য রকম একটি দিন—শিশু প্রহর। আজ মেলার দ্বার খুলবে বেলা ১১টায়। সব মিলিয়ে মেলায় প্রথম ছুটির দিনটি আজ প্রকাশকদের কাছে বড় কাঙ্ক্ষিত একটি দিন। বাণিজ্যলক্ষ্মীকে আজ হাতের নাগালে পাবেন—এ প্রত্যাশা তাঁদের।
একটিমাত্র বইমেলাকে ঘিরেই টিকে আছে দেশের সৃজনশীল প্রকাশনা জগৎ। সারা বছর প্রকাশনা সংস্থাগুলো থেকে গুটি কতক বই প্রকাশ হয়তো হয়, কিন্তু সেই সংখ্যা নগণ্য। অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করেই সৃজনশীল বই প্রকাশ হতে থাকে। এমন পরিস্থিতিতে প্রকাশকদের যে প্রশ্নটা সবচেয়ে বেশি শুনতে হয়, তা হলো কোন বইটা বেশি বিক্রি হচ্ছে। প্রশ্ন ও উত্তর দুটিই খুব সহজ হলেও এই জবাব দেওয়াটা কিছুটা হলেও বিব্রতকর বটে। মেলায় এ প্রশ্ন শুনলে প্রকাশকেরা একাধারে অনেকগুলো বইয়ের নাম বলে যান। তবে নেতৃস্থানীয় বেশ কয়েকজন প্রকাশকের সঙ্গে মেলার বিক্রিবাট্টা নিয়ে কথা বলে জানা গেছে, এখনো মেলা দাপটের সঙ্গে শাসন করছেন হুমায়ূন আহমেদ। প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ, সময়, কাকলী, অবসর, সুবর্ণ প্রভৃতি প্রকাশনা প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার কথা বলে জানা গেছে, তাঁদের প্রকাশিত পুরোনো বইয়ের তালিকায় হুমায়ূন আহমেদের লেখা বইয়ের চাহিদা এখনো বেশি। মেলার মাঠে কয়েক দিন আগ থেকেই শোনা যাচ্ছিল প্রয়াত এই কিংবদন্তির একটি নতুন বই আসার কথা। তাঁর নির্মিতঘেটুপুত্র কমলা সিনেমার পাণ্ডুলিপিটি বই আকারে প্রকাশ করা হবে। এটি হুমায়ূন আহমেদের নিজ হস্তাক্ষরে লেখা। বইটি কবে নাগাদ মেলায় আসছে, সেই খবর নিতে অন্যপ্রকাশের স্টলে অনেক পাঠককে খোঁজ নিতে দেখা গেছে গতকালও।
শিশুদের জন্য অনেক বই: বিগত কয়েক দিন মেলা ঘুরে যে দৃশ্যটি অহরহ চোখে পড়েছে তা হলো শিশু-কিশোরদের বই কেনা। বাবা-মায়ের তর্জনী দখলে নিয়ে শিশুরা মেলায় এসে নতুন বইয়ের বায়না ধরছে, দেখছে এবং কিনছে। প্রকাশকেরাও বিষয়টি বেশ আমলে নিয়েছেন। প্রায় প্রতিটি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে শিশু-কিশোরদের জন্য নতুন বই এসেছে। কিছু প্রকাশনা প্রতিষ্ঠানে বিক্রিতে নেতৃত্ব দিচ্ছে শিশু-কিশোরদের জন্য লেখা নতুন বই। যেমন: শিশু-কিশোরেরা পড়ার জন্য সংগ্রহ করতে পারে এমন বইয়ের তালিকায় আছে প্রথমা প্রকাশন থেকে আনিসুল হকের ভয়ংকর দ্বীপে বোকা গোয়েন্দা, রকিব হাসানের অপারেশন বাহামা আইল্যান্ড, দ্বিজেন শর্মার গাছ, রেজাউর রহমানের পিঁপড়া, সময় প্রকাশনীর কাইজার চৌধুরীর কিশোর সমগ্র৪, দন্ত্যস রওশনের তৌরিন এখন কুংফু শেখে, বিজয় প্রকাশ থেকে শাকির দেওয়ানের ভয়ংকর ভুতের ভয়ংকর কাণ্ড, সূচীপত্র থেকে আসা নাফে মোহাম্মদ এনাম সংকলিত সেরা হরর গল্প, তাম্রলিপি থেকে আসা মুহম্মদ জাফর ইকবালের গ্রামের নাম কাঁকনডুবি, গণিতের মজা মজার গণিত, আহসান হাবীবের ধুপপুর জঙ্গলে এ্যালিয়েন, আনিসুল হকের টুনি যখন নেইমার, শিরীন পাবলিকেশন্স থেকে রানা জামানের জলের সাথে অপুর যুদ্ধ, নওরোজ কিতাবিস্তান জিল্লুর রহমানের পরীর স্বপ্ন ইত্যাদি।

এ ছাড়া গতকাল মেলায় নতুন বই এসেছে ১৫৪টি এবং চারটি নতুন বইয়ের মোড়ক খোলা হয়েছে। মেলায় আসা নতুন বইয়ের মিছিলে ছিল চারুলিপি থেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের শিক্ষা: লক্ষ্য অর্জনে যেতে হবে বহুদূর, আহমদ পাবলিশিং হাউজ থেকে এসেছে সেলিনা হোসেনের একাত্তরের ঢাকা, রোদেলা প্রকাশনী থেকে আসা কাজী আলিম-উজ-জামানের কবিতার বই জোছনার মেয়ে বৃষ্টির বোন, কথা প্রকাশ থেকে শামীম আল আমিনের টেলিভিশন সংবাদ উপস্থাপনা, চৈতন্য থেকে সুমনকুমার দাশের রামাকানাই দাশের নন্দনভুবন: অন্তরঙ্গ আলাপ, অন্যপ্রকাশ থেকে এসেছে পিয়াস মজিদের কুয়াশা ক্যাফে ইত্যাদি।
মেলায় শিশুপ্রহর ঘোষণা: অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে শিশুদের অভিভাবকসহ স্বাচ্ছন্দ্যে বই কেনার সুবিধার্থে আজ ও আগামীকাল এবং ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে। শিশুপ্রহরের সময়কাল বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত।
এ ছাড়া আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন শিল্পী হাশেম খান।
ছিল সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে নিয়ে আলোচনা: বই বেচাকেনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচনের পাশাপাশি বর্ধমান হাউসের পাশে মেলা মঞ্চে ছিল আলোচনা পর্ব। মেলা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়ে কেউ কেউ এখানে বসে পড়েছেন দর্শক আসনে।
বিকেলে এই মঞ্চে অনুষ্ঠিত হয় ‘আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গোলাম মুস্তাফা। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক মনসুর মুসা ও হাকিম আরিফ। সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইয়ুম।
আলোচকদ্বয় বলেন, ভাষাবিজ্ঞানে সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের অবদান অনন্যসাধারণ। ভাষাবিজ্ঞান চর্চায় আধুনিকতা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রয়োগের মাধ্যমে তিনি স্মরণীয় হয়ে আছেন। বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য ভারতীয় ভাষাগোষ্ঠীর উৎপত্তি ও বিকাশ নিয়েও তিনি নিবিড়ভাবে কাজ করেছেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ কাইয়ুম সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে বহুমাত্রিক ভাষাবিদ হিসেবে মূল্যায়ন করেন। একই মঞ্চে সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রেবেকা সুলতানা, মাহমুদুজ্জামান বাবু, হায়দার হোসেন, সন্দীপন দাস, বদরুন্নেসা ডালিয়া, শ্যামা সরকার ও ফারহানা শিরিন। এ সময় যথেষ্ট দর্শক উপস্থিতি দেখা গেছে।