আজ সন্তোষ গুপ্তের ১২তম মৃত্যুবার্ষিকী

বরেণ্য সাংবাদিক-সাহিত্যিক, দৈনিক সংবাদ-এর সাবেক জ্যেষ্ঠ সহকারী সম্পাদক সন্তোষ গুপ্তের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ৬ আগস্ট। ২০০৪ সালের এই দিনে ৮০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তোষ গুপ্ত স্মৃতি পরিষদের উদ্যোগে আজ শনিবার সকাল ১০টায় পোস্তগোলায় নির্মিত সন্তোষ গুপ্ত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। পরিবারের পক্ষ থেকেও তাঁর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হবে।
কবিতা, শিল্পকলা, চিত্রকলা, রাজনীতি, সাহিত্য, সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে সন্তোষ গুপ্তের ১৮টি গ্রন্থ রয়েছে। সম্পাদনা করেছেন বহু গ্রন্থ। তাঁর অসংখ্য লেখা এখনো অগ্রন্থিত রয়েছে। সাংবাদিকতা ও সাহিত্যে অবদান রাখার জন্য তিনি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক (মরণোত্তর) পেয়েছেন। এ ছাড়া তিনি একুশে পদক, শেরেবাংলা পদক, বঙ্গবন্ধু পদক, মাওলানা তর্কবাগীশ পদক, জহুর হোসেন স্মৃতিপদকসহ বহু পুরস্কার, পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
সন্তোষ গুপ্তের জন্ম ১৯২৫ সালের ৯ জানুয়ারি ঝালকাঠিতে। সাংবাদিকতা পেশায় আসার আগে তিনি বামধারার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রাজনৈতিক কারণে তাঁকে বিভিন্ন সময়ে প্রায় ১২ বছর কারাবরণ করতে হয়েছে। বিজ্ঞপ্তি।