আজ সব ভারতীয়র গর্বের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয় ভূমিকা রাখায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়িকে গতকাল রোববার ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ দেওয়া হয়েছে। বাজপেয়ির পক্ষে সম্মাননা গ্রহণ করেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর বাসস, ইউএনবি ও পিটিআইয়ের।
১৯৭১ সালের ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্য বাজপেয়ি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখেন। ৯০ বছর বয়সী বাজপেয়ি অসুস্থতার কারণে বাংলাদেশ সফরে আসতে পারেননি। তাই বঙ্গভবনে গতকাল রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ থেকে বাজপেয়ির পক্ষে সম্মাননা গ্রহণ করেন নরেন্দ্র মোদি। বাজপেয়িকে দেওয়া সম্মাননা স্মারক পাঠ করেন মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররাফ হোসাইন ভূইঞা।
সম্মাননা গ্রহণের পর মোদি বলেন, আজ সব ভারতীয়র জন্য গর্বের দিন। এদিন অটল বিহারি বাজপেয়ির মতো একজন মহান নেতা সম্মানিত হয়েছেন। তিনি দেশের জন্য ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে পুরো জীবন উৎসর্গ করেছেন। মোদি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সমর্থনে বাজপেয়ির ডাকে সত্যাগ্রহে তিনিও (মোদি) যোগ দিয়েছিলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাজপেয়িকে সম্মাননা জানিয়ে আমরা বিনীত কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাষ্ট্রপতি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় যে সেনাসদস্যরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের প্রত্যেককে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। এর মাধ্যমে আমরা তাঁদের প্রতি বিনীত কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অটল বিহারি বাজপেয়ির অকুণ্ঠ সমর্থন ভারতীয় রাজনীতিকদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, পরে বাজপেয়ি বাংলাদেশের প্রতি তাঁর ভালোবাসা দেখিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং পরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময়েও। বাজপেয়িকে বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁকে সম্মাননা দিয়ে সম্মানিত বোধ করছি।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা হিসেবে বাজপেয়ি ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে ১৩ দিন দায়িত্ব পালন করেন এবং পরে ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন।
বঙ্গভবনের দরবার হলে সম্মাননা স্মারক দেওয়ার ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, মন্ত্রিপরিষদের সদস্যরা, ভারতের প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন এমন বিদেশি বন্ধুদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা জানিয়ে আসছে সরকার। ইতিমধ্যেই অনেক বিদেশি বন্ধুকে সম্মাননা জানানো হয়েছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ২০১২ সালের ২৫ জুলাই মরণোত্তর সম্মাননা জানানো হয়। ইন্দিরা গান্ধীর পুত্রবধূ ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ২০১২ সালে এক বিশেষ অনুষ্ঠানে ওই সম্মাননা গ্রহণ করেন। ২০১৩ সালের ৫ মার্চ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মাননা জানানো হয়।
রাষ্ট্রপতির সঙ্গে মোদির সাক্ষাৎ: এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে গতকাল বঙ্গভবনে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন।
মোদি আশা প্রকাশ করে বলেন, স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে যে চেতনা সহায়তা করেছে, ওই একই বন্ধনে ভারত ও বাংলাদেশের মধ্যকার অনিষ্পন্ন সব বিষয়ের সমাধান হবে। বৈঠকে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ দুই দেশের জনগণকে আরও ঘনিষ্ঠ করতে সহায়তা করবে।
ভারতের প্রধানমন্ত্রী বঙ্গভবনে পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।
রাষ্ট্রপতি হামিদ প্রধানমন্ত্রী মোদির সম্মানে মধ্যাহ্নভোজ দেন। অন্যদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই মধ্যাহ্নভোজে অংশ নেন।
এর আগে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
মোদির ঢাকা ত্যাগ: বাসস জানায়, দুই দিনের সফর শেষে গতকাল রাতে দেশের উদ্দেশে ঢাকা ছাড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ জেট বিমান ‘রাজদূত’ রাত ৮টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরের ভিভিআইপি টারমাকে মোদিকে বিদায় জানান।
ভারতের প্রধানমন্ত্রী বিমানে ওঠার আগে শেখ হাসিনা তাঁকে একটি ফুলের তোড়া উপহার দেন। বিমানে প্রবেশ করার আগে মোদি বিমানবন্দরের ভিভিআইপি টারমাকে উপস্থিত বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অন্য বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে বিমানের সিঁড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে বিদায় জানান। এর আগে ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।