আজ সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছাড়বে

ঈদের তিন দিনের ছুটি শুরু আগামীকাল বৃহস্পতিবার থেকে। আজ বুধবার অফিস-আদালতে শেষ কর্মদিবস। তাই আজ সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছাড়বে। অনেকে অফিস আজ একটু তাড়াতাড়ি শেষ করে বাড়ির উদ্দেশে রওনা হতে শুরু করবেন। বাস, ট্রেন ও লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের দিনের জন্য টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি।
তবে ব্যবসায়ীরা, বিশেষ করে ছোট ব্যবসায়ীরা শেষ মুহূর্ত পর্যন্ত বেচাকেনা করেই ঢাকা ছাড়বেন। তাঁদের অনেকেই নিজস্ব উদ্যোগে গাড়ি ভাড়া করে ঈদের আগের রাতে ঢাকা ছাড়বেন। এ ক্ষেত্রে চাকরিজীবীদের থেকে আলাদা তাঁরা।
বেসরকারি চাকরিজীবী মাজেদুল হক বলেন, আজ কিছুক্ষণ অফিসে থেকে বিকেলের দিকে পরিবার নিয়ে ঢাকা ছাড়বেন। যাবেন রংপুরে। সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মাইয়াজও একই কথা বললেন। তিনি ঈদের পরে অফিস থেকে ছুটি নিয়েছেন। তাই শেষ কর্ম দিবস পর্যন্ত অফিস করে আজ বিকেলে বাসে যাবেন গাইবান্ধা।
গাবতলী, কল্যাণপুর, টেকনিক্যাল, সায়েদাবাদ, মহাখালীর বিভিন্ন দূর পাল্লার বাস কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেছে, আজকের টিকিটের জন্য মানুষের চাপ ছিল সবচেয়ে বেশি। বিশেষ করে উত্তরাঞ্চলে টিকিটের জন্য। তবে ঢাকা থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল, সিলেট, চট্টগ্রাম, উত্তরাঞ্চলসহ প্রতিটি রুটেই গাড়ির চাপ থাকবে বেশি।
এ বিষয়ে জানতে চাইলে এস আর পরিবহনের উপমহাব্যবস্থাপক বলেন, ‘যাত্রীরা যখন অগ্রিম টিকিট নিয়েছেন তখনই আমরা দেখেছি সবচেয়ে বেশি মানুষের চাহিদা ছিল বুধবারের টিকিটের। খুব অল্প সময়ে শেষ হয়ে যায় টিকিট। তাই অনেককে টিকিট না পেয়েই ফিরতে হয়েছে।’

হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন বলেন, ২৩ তারিখের টিকিটের বিষয়ই আলাদা। অগ্রিম টিকিট বুকিং দেওয়ার সময় প্রায় সবাই বলেছে ২৩ তারিখের টিকিট চাই। তিনি আরও বলেন, প্রতিটি ঈদের সময় এমন কিছুদিন থাকে যেদিন অধিকাংশ মানুষ ঢাকা ছাড়ে। এবার সেই দিন হচ্ছে আজ।
ট্রেনের অগ্রিম টিকিট ছাড়ার সময় ২৩ তারিখের টিকিট না পেয়ে হতাশ মমিনুল কয়েকটি বাসের কার্যালয়ে যোগাযোগ করেন। সেখানেও যখন শুনলেন ২৩ সেপ্টেম্বরের টিকিট নেই তখন বাধ্য হয়ে ২৪ তারিখ সকালের টিকিট কাটেন তিনি। তিনি বলেন, শেষ অফিস করে চেয়েছিলাম ওই দিনই রাজশাহী দেশের বাড়ি ফিরে যাব, তা আর হলো না। বাধ্য হয়ে পরদিনের টিকিট কাটলাম।
এদিকে রেল ও লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের যাত্রীদের কাছেও সবচেয়ে পছন্দের টিকিট ছিল আজকের টিকিট। এই টিকিট শেষ হয়েছে অল্প সময়েই। আর কর্তৃপক্ষ মনে করছে, ঢাকা সবচেয়ে বেশি ফাঁকা হওয়া শুরুও হবে আজকের পর থেকে। সেই চিরচেনা যানজট আর মানুষের ভিড়ও দেখা যাবে না।