আজ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা-ঘাষিয়াখালী নৌপথ চালু না হওয়া পর্যন্ত সুন্দরবনের শ্যালা নদীর নৌপথ চালু করার দাবিতে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। বন্দরকে সচল রাখতে আজ শুক্রবার সকালে মংলায় সমাবেশ ও বিক্ষোভ করবে সংগঠনটি। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম জানান, গত ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ফার্নেস অয়েলবাহী জাহাজডুবির পর থেকে ওই পথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ আছে। এতে বাগেরহাটের শরণখোলা ও সন্ন্যাসী, পিরোজপুরের কাউখালী এবং ঝালকাঠি ও মংলায় তেলসহ মালবাহী পাঁচ শতাধিক ছোট-বড় নৌযান আটকা পড়েছে। ওই সব নৌযানে কর্মরত প্রায় ছয় হাজার কর্মচারী বর্তমানে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছেন। এ সংকট নিরসনে সরকারের কাছে দফায় দফায় তাঁদের সংগঠনের পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়েছে। তবে সরকার এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাচ্ছে না। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক শেখ আবুল কাশেম বলেন, নিজেদের বেঁচে থাকার জন্য এখন আর কঠোর আন্দোলনের বিকল্প থাকছে না।