আজ সমাবেশের অনুমতি পায়নি বিএনপি
রাজধানীর ডেমরায় আজ শনিবার বিকেলে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি৷ এ কারণে আজ বিকেলে ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম গতকাল শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন৷ তিনি জানান, পুলিশ তাঁদের সমাবেশ করার অনুমতি দেয়নি৷ তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানান৷
খুন-গুমের প্রতিবাদে ডেমরায় সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। ডেমরা–যাত্রাবাড়ীর তিনটি স্থানের যেকোনো একটিতে সমাবেশ করার অনুমতি চেয়েছিল দলটি৷ সমাবেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা ছিল।
ভুল সংশোধন: গতকাল প্রথম আলোর পৃষ্ঠা-২-এ ‘এখন থেকে সবুজ পাসপোর্ট ব্যবহার করবেন খালেদা জিয়া’ শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পাসপোর্ট অফিসে গেলে সেখানে প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান উপস্থিত ছিলেন। প্রকৃতপক্ষে সেখানে উপস্থিত ছিলেন কার্যালয়ের মহাপরিচালক আবদুল মাবুদ। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত