আজ সরস্বতী পূজা
আজ শুক্রবার সরস্বতী পূজা। সরস্বতী শিক্ষা, সংগীত ও শিল্পকলার দেবী হিসেবে পূজিতা হন। দেবী শুভ্রবর্ণা শুচিতা, শুদ্ধ ও পবিত্রতার প্রতীক। দেবীর এক হাতে থাকে বই, যা জ্ঞানচর্চার প্রতীক। আরেক হাতে থাকা বীণা সংগীতবিদ্যার প্রতীক। সারবস্তুর প্রতীক দেবীর বাহন হাঁস।শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। বিদ্যার দেবী সরস্বতীর পূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ ছুটি। দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে আজ শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হবে অনেক স্থানে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের খেলার মাঠে জমজমাট পূজা উত্সবের প্রস্তুতি শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক মণ্ডপ স্থাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, শামসুন্নাহার হলেও পালিত হবে পূজা।ঢাকেশ্বরী মন্দিরে সর্বজনীন পূজা কমিটি সরস্বতী পূজার আয়োজন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ব্যাংকার্স পূজা পরিষদের উদ্যোগে রাজধানীর হাটখোলার জগবন্ধু মহাপ্রকাশ প্রাঙ্গণ, বুয়েটসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগেও পূজা হবে।পূজা উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে আবহমান কাল থেকে এ দেশের সব মানুষ মিলেমিশে বাস করে আসছে। এই সম্প্রীতি সামনের দিনগুলোতে আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।