আজ সাংবাদিক এবিএম মূসার ৮৬তম জন্মদিন

বিশিষ্ট সাংবাদিক এবিএম মূসার ৮৬তম জন্মদিন আজ ২৮ ফেব্রুয়ারি। জাতীয় প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা এবং আজীবন সদস্য এবিএম মূসা ১৯৩১ সালে ফেনী জেলার ধর্মপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ৯ এপ্রিল তিনি ইন্তেকাল করেন। জন্মদিন উপলক্ষে আজ রোববার বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবে এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। খবর বাসসের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সিনিয়র সাংবাদিক আবদুর রহিম, কামাল লোহানী, আবেদ খান, সৈয়দ আবুল মকসুদ, মাহফুজ উল্লাহ, শামসুদ্দিন আহম্মেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলের অংশ নেওয়ার কথা রয়েছে।
১৯৫০ সালে দৈনিক ইনসাফ থেকে এবিএম মূসার সাংবাদিকতার শুরু। ওই বছরই তিনি ইংরেজি দৈনিক পাকিস্তান অবজারভার-এ যোগ দেন। তিনি দৈনিক সংবাদ, বিবিসি, সানডে টাইমস-এ কাজ করেছেন। বিভিন্ন সময় তিনি মর্নিং নিউজ-এর সম্পাদক, বিটিভির মহাব্যবস্থাপক ও প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, যুগান্তর-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এবিএম মূসা চারবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও তিনবার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা এবং পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একুশে পদকসহ দেশি-বিদেশি নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।