আজ সাত কোটি ডলারের মালিক, পরদিন কপর্দকহীন!
মোহাম্মদ ইসলাম আর পাঁচ-দশজন বাংলাদেশি আমেরিকান অভিবাসীর চেয়ে ভিন্ন কিছু নয়। চৌকস ও বাকপটু তরুণ, এই শহরের সবচেয়ে বিখ্যাত স্কুল স্টাইভেসান্টের শেষ বর্ষের ছাত্র। বাবা-মা কুইন্সের বাঙালি-অধ্যুষিত পাড়ার বাসিন্দা। হঠাৎ সেই মোহাম্মদ ইসলাম রাতারাতি বিখ্যাত হয়ে পড়ে।
নিউইয়র্কের নামজাদা সংবাদপত্র সাপ্তাহিক নিউইয়র্ক চলতি সপ্তাহে এক বিশেষ সচিত্র প্রতিবেদনে জানায়, মাত্র ১৭ বছরের এই বাঙালি অভিবাসী ছাত্র ইতিমধ্যে ৭২ মিলিয়ন ডলার কামিয়েছে ওয়াল স্ট্রিটে স্টক কেনাবেচা করে। ১৮ বছরে পড়লেই সে তার নিজের ‘হেজ ফান্ড’ চালু করবে।
মোহাম্মদ ইসলাম যে চালাক-চতুর, এ বিষয়ে তার বন্ধু বা শিক্ষকদের কোনো দ্বিমত নেই। কিন্তু তাই বলে ৭২ মিলিয়ন ডলার? স্কুলের ‘ইনভেস্টমেন্ট ক্লাবের’ সভাপতি হিসেবে অনেকেই মোহাম্মদকে ভবিষ্যতের পুঁজিপতি হিসেবে ধরে নিয়েছিল।ক্লাবে স্টক কেনাবেচার খেলায় মোহাম্মদ বরাবরই বড় ধরনের লাভ করেছে। সেই থেকে স্কুলে তাকে নিয়ে গুজব। সেই গুজব কীভাবে যেন পৌঁছায় নিউইয়র্ক-এর সাংবাদিক জেসিকা প্রেসলারের কানে। সেই কানকথার ভিত্তিতে ‘নিউইয়র্ককে কেন ভালোবাসি’ এ শিরোনামে জেসিকার সচিত্র প্রতিবেদন ছাপা হওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদ রাতারাতি বিখ্যাত।
কিন্তু বিখ্যাত হওয়ার সমস্যা হলো, চারদিকে কৌতূহলি চোখ ধেয়ে আসে। মোহাম্মদের বাবা-মা তো এ কথা জানামাত্র রেগে আগুন। অন্য দু-চারটা বাঙালি অভিবাসী থেকে তাঁরা মোটেই ভিন্ন কিছু নন। চাকরিজীবী, এক ছেলে ও এক মেয়েকে শিক্ষিত করতে উদয়াস্ত পরিশ্রম করছেন। মোহাম্মদের ৭২ মিলিয়ন ডলার বানানোর গল্প শুনে তাঁরা তো আকাশ থেকে পড়লেন। মোহাম্মদের বন্ধুবান্ধবও। চারদিক থেকে খোঁজ নিতে সাংবাদিকেরা ধেয়ে এলেন। তখন জানা গেল, পুরো ব্যাপারটাই মোহাম্মদ বানিয়েছে। তার পকেটে অথবা ব্যাংকে এক ডলারও নেই।
নিউইয়র্ক অবজারভার পত্রিকার এক সাংবাদিক মোহাম্মদ ও তার এক বন্ধুকে ধাওয়া করে এক রেস্তোরাঁয় এসে দেখা পেলেন। সেখানে মোহাম্মদ স্বীকার করল, একটি নির্দোষ গুজব যে এতদূর গড়াবে, তা সে ভাবেনি। তার বাবা-মা এতটা ক্ষিপ্ত হয়েছেন যে গত রাতে ঘরে ফেরার সাহস হয়নি তার। মোহাম্মদ সাংবাদিকদের মাধ্যমে তার বাবা-মা ও সহপাঠীদের কাছে ক্ষমা চেয়েছে। একসময় হয়তো সে সাত কোটি ডলার বা চার চেয়েও বেশি অর্থের মালিক হবে, তবে এ মুহূর্তে তার প্রধান কাজ, স্কুলের পাট চুকিয়ে কলেজে ঢোকা।
সাপ্তাহিক নিউইয়র্ক সম্পাদকও তাঁর পাঠকদের কাছে ক্ষমা চেয়েছেন। এমন একটা খবর ছাপানোর আগে আমাদের উচিত ছিল সত্যাসত্য যাচাই করা। ‘আমরা তা করিনি, তার সব দায়ভার আমাদের’, লিখেছেন নিউইয়র্ক সম্পাদক।