আজ সাতকানিয়া অভিমুখে সম্প্রীতি পরিষদের লংমার্চ
জামায়াত-শিবিরের অব্যাহত সন্ত্রাসের প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়া অভিমুখে আজ শনিবার সকালে লংমার্চ কর্মসূচির আয়োজন করেছে সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ।
পরিষদের নেতা-কর্মীরা আজ সকালে প্রথমে লালদীঘি ময়দানে জড়ো হবে। এরপর সকাল সাড়ে ১০টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ চত্বর থেকে সাতকানিয়া অভিমুখে লংমার্চ শুরু করবে।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা অশান্ত হয়ে ওঠে। মানবতাবিরোধী অপরাধের দায়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির আদেশ দিলে জামায়াত-শিবির ওই এলাকায় বেপরোয়া হয়ে ওঠে।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম প্রথম আলোকে বলেন, ‘সাতকানিয়া ও লোহাগাড়ায় জামায়াত-শিবিরের তাণ্ডব বন্ধ হচ্ছে না। এর প্রতিবাদে সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদের ব্যানারে আমরা লংমার্চ কর্মসূচির আয়োজন করেছি।’