আজ সাতক্ষীরা যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সাতক্ষীরায় যাচ্ছেন। বেলা সোয়া একটায় হেলিকপ্টারে করে তাঁর সাতক্ষীরায় পৌঁছানোর কথা। এরপর আড়াইটা থেকে তিনি সাতক্ষীরা সার্কিট হাউসে জামায়াত-শিবিরের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।
সেখান থেকে প্রধানমন্ত্রী সাতক্ষীরা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে আশাশুনিতে এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, কপোতাক্ষ নদ পুনঃখনন, তালা উপজেলার পাখিমারা বিলে টিআরএম কাজসহ সাতটি কাজের উদ্বোধন এবং পৌরসভার পানি শোধনাগার, সাতক্ষীরা মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পসহ চারটি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান ও পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির প্রথম আলোকে মুঠোফোনে জানান, প্রধানমন্ত্রীর সাতক্ষীরা সফর নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সাতক্ষীরা শহরসহ জনসভাস্থলের চারদিকে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। টহলে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট।